আরও এক মাস মাঠের বাইরে রোনালদো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালের হয়ে রোনালদোকে দেখার জন্য আরও মাসখানেক অপেক্ষা করতে হবে! ফাইল ছবি।
রিয়ালের হয়ে রোনালদোকে দেখার জন্য আরও মাসখানেক অপেক্ষা করতে হবে! ফাইল ছবি।

প্রাক–মৌসুম প্রস্তুতির ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ নিয়ে যখন ব্যস্ত রিয়াল মাদ্রিদ, তখন চুটিয়ে ছুটি কাটাচ্ছেন দলটির তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এতে অবশ্য ক্লাবের প্রতি পর্তুগিজ উইঙ্গারের আনুগত্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে দিমিত্রি পায়েতের ট্যাকলে হাঁটুতে যে চোট পেয়েছিলেন, সেটিই রোনালদোকে আরও বেশি অবকাশের সুযোগ করে দিয়েছে। ইউরো জয়ের পর শুরু রোনালদোর এই ‘মধুসময়ে’র ব্যাপ্তি আরও বাড়ছে। রিয়াল কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, নতুন মৌসুমে রিয়ালের প্রথম লিগ ম্যাচেও সম্ভবত পাওয়া যাচ্ছে না রোনালদোকে।

আগামী ২১ আগস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু করবে রিয়াল। এই ম্যাচটিতে রোনালদো না খেললে, ধরে নিতে হচ্ছে আরও মাস খানেক মতো সময় মাঠের বাইরে থাকছেন রোনালদো। লিগ শুরুর আগে ৯ আগস্ট সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচ রিয়ালের। সেটিতে যে রোনালদো খেলছেন না, তা জানা গিয়েছিল আগেই। এবার সেটিই নিশ্চিত করলেন কোচ জিদান, ‘সুপার কাপে রোনালদো খেলছে না। দেখা যাক লিগের প্রথম ম্যাচে সে খেলতে পারে কি না।’ গোলডটকম।