আরও একটা রূপকথার স্বপ্নে নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ নিয়ে দারুণ আশাবাদী নেইমার। ছবি-এএফপি
জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ নিয়ে দারুণ আশাবাদী নেইমার। ছবি-এএফপি

রূপকথা একবার লিখেছেন তাঁরা। আবার লিখতে পারবেন? উত্তরটা যদি নেইমারের মুখ থেকে শুনতে চান, তাহলে হবে ‘হ্যাঁ’। পিএসজির বিপক্ষে শেষ ষোলোতে যেমন স্মরণীয় এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে বার্সা, সেই একই রকম গল্প জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লিখতে পারবেন বলে দারুণ আশাবাদী নেইমার। 

প্রথম লেগে প্যারিসে ৪-০ গোলে হেরে এসে ন্যু ক্যাম্পে ফিরতি লেগে ৬-১ গোলের জয়। পিএসজির বিপক্ষে বার্সেলোনার ওই প্রত্যাবর্তন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসেই সেরা। কিন্তু কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের মাঠে আবার ৩-০ গোলের হার! গোলের হিসাবে এবার হয়তো কাজটা শেষ ষোলোর চেয়ে ‘সহজ’ দেখাচ্ছে, কিন্তু আসলে বরং উল্টো। জুভেন্টাসের রক্ষণদুর্গ ইউরোপের অন্যতম সেরা। সেই দলের বিপক্ষে তিনের বেশি গোল দেওয়া পিএসজিকে ছয় গোল দেওয়ার চেয়েও কঠিন মনে করছেন অনেকেই।
কিন্তু বার্সা কোচ লুইস এনরিকে মনে করছেন, এটাও সম্ভব। খুবই সম্ভব ভাবছেন তাঁর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও। স্প্যানিশ একটি টেলিভিশনকে বলেছেন, ‘আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে যে আমরা এটা পারব। প্রথম লেগের পর যেকোনো দলের চেয়ে আমরা পিছিয়ে থাকতেই পারি। কিন্তু বার্সেলোনা বার্সেলোনাই। আমরা পারব। সব ঠিক থাকলে আরও একটা স্মরণীয় প্রত্যাবর্তন সম্ভব।’
তবে জুভেন্টাসের শক্তি সম্পর্কে তো ভালো ধারণাই আছে নেইমারের। সে জন্য সঙ্গে যোগ করলেন, ‘ঘুরে দাঁড়াতে আমাদের অসাধারণ কিছু করতে হবে। এখন পর্যন্ত যা অবস্থা, আমাদের শতকরা এক ভাগ সুযোগ আছে পরের রাউন্ডে খেলার। বাকি ৯৯ ভাগ আমাদের পক্ষে আনতে হবে পরিশ্রম, আত্মবিশ্বাস, প্রবল ইচ্ছা, গোল সবকিছু মিলিয়ে।’
ন্যু ক্যাম্পে আগামী পরশু এই সবকিছু একসঙ্গে হবে তো? গোল ডটকম।