আরও একবার কি সিটিই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুই ফন গাল ইতিহাসের মনোযোগী ছাত্র কিনা জানা নেই। তবে আসার পর থেকেই নগরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সাম্প্রতিক ইতিহাসটা তাঁকে অনেকেই মনে করিয়ে দিয়েছেন। এই তো, পরশু দিনই ফন গালকে মনে করিয়ে দেওয়া হলো, ম্যানচেস্টার সিটির সঙ্গে সর্বশেষ চার ম্যাচেই হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে?
ইউনাইটেডের ডাচ এই কোচ অবশ্য পুরোনো কাসুন্দি ঘাঁটতে চাইলেন না, ‘চার ম্যাচে পরাজয়? এটা তো আমার দেখার বিষয় নয়, আমি আর কী বলব? আমরা ১-০ গোলে হেরে গেছি, আমি শুধু এটাই জানি। ওই ম্যাচে আমাদের একজন লাল কার্ড দেখেছিল, ওটাও মনে আছে।’ ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর ফন গাল সিটির সঙ্গে একটা ম্যাচেরই অভিজ্ঞতা হয়েছে। নভেম্বরের ওই স্মৃতিটা অবশ্য এখনো জ্বলজ্বল করার কথা।
এমন নয়, ফন গালের কাছে ম্যাচটা আলাদা মাহাত্ম্য নেই। ডার্বি ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ সেটি ইউনাইটেড কোচ ভালোই জানেন। সে কারণেই বললেন, ‘অবশ্যই আমি এটার স্বপ্ন দেখছি, প্রতিটি খেলোয়াড়ই জয়টার স্বপ্ন দেখছে। আমি যেটা আগেই বলেছি, এসব ম্যাচে আগ্রাসনটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হয়। আমরা সেটা করতে পারিনি। আশা করি, আমরা আগেরবার থেকে শিক্ষা নিয়েছি।’
সুফলটা পাওয়ার জন্য ইউনাইটেড তাকিয়ে থাকছে ওয়েইন রুনির দিকে। সিটির বিপক্ষে সব সময়ই দুর্দান্ত রুনি, ম্যানচেস্টার ডার্বিতে সবচেয়ে বেশি গোল তাঁরই (১১)। এ মুহূর্তে ফর্মেও আছেন, গত ৮ ম্যাচে করেছেন ৬ গোল। চোটে দলের বাইরে থাকা রবিন ফন পার্সি বা ফর্মহীনতায় ভুগতে থাকা রাদামেল ফ্যালকাওদের অভাবটাও টের পেতে দিচ্ছেন না।
ইউনাইটেডের ভরসা যদি রুনি হন, সিটির ভরসা অবশ্যই সার্জিও আগুয়েরো। নগরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সিটির আর্জেন্টাইন স্ট্রাইকারের রেকর্ডও দারুণ, ছয় ম্যাচে করেছেন ৫ গোল। ১৭ গোল লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোল তাঁরই।
মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট তালিকায় সিটির চেয়ে এগিয়ে আছে ইউনাইটেড। আজও কি সেটা ধরে রাখতে পারবে? এএফপি।