আরও একবার ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম গোলটা করেছিলেন নেইমার। পরেরটা লিওনেল মেসি। মাইলফলক ছোঁয়া হয়ে গিয়েছিল দ্বিতীয় গোলটাতেই। কিন্তু মেসি-নেইমার আর সুয়ারেজরা কি এটুকুতেই সন্তুষ্ট থাকেন কখনো! বিরতির পর গোল করলেন সুয়ারেজও। তারপর ম্যাচের মিনিট দশেক বাকি থাকতে পেনাল্টি থেকে মেসির আরও ১ গোল।
সব মিলিয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে পরশু ন্যু ক্যাম্পে বার্সেলোনা জিতল ৪-১ গোলে। যে জয়ে বার্সেলোনা টিকে থাকল লা লিগার শিরোপা লড়াইয়ে। তবে জয়ের চেয়েও বড় হয়ে উঠেছে এ দিন বার্সার আক্রমণভাগের ত্রিফলা এমএসএনের অর্জন। তিনজন মিলে এ মৌসুমে সব ধরনের টুর্নামেন্টে করেছেন ১০২ গোল। এ নিয়ে টানা তিন মৌসুমে বার্সেলোনার হয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁলেন এমএসএন। সেঞ্চুরির হ্যাটট্রিক তো বলাই যায়!
১০২ গোলের মধ্যে মেসি একাই করেছেন অর্ধেক—৫১ গোল। এ নিয়ে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো এক মৌসুমে ৫০ বা এর বেশি গোল করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
২০১৪-১৫ মৌসুমে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন সুয়ারেজ। নেইমার এসেছিলেন তারও এক মৌসুম আগে। মেসি থাকার পরও যখন বার্সেলোনা নেইমারকে কিনেছিল, তখনই কথাবার্তা হচ্ছিল—এক বনে দুই বাঘ থাকতে পারবে তো? এরপর আবার সুয়ারেজ! কিন্তু বার্সাত্রয়ী মিলে গড়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণভাগ। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পর বার্সা কোচ লুইস এনরিকেও তাই আরও একবার তাঁর ত্রিফলার প্রশংসায় পঞ্চমুখ, ‘কয়েক বছর আগেও একটা দলে একজন করেই তারকা থাকত। এরপর নেইমারকে এখানে নিয়ে আসার সুযোগ এল এবং সমালোচনাও উঠল—এক দলে দুই তারকা থাকতে পারে না। এখন এখানে তিনজন তারকা এবং তারা বিশ্বসেরাও।’
গোল মাত্র একটা করলেও ভিয়ারিয়ালের বিপক্ষে অসাধারণ কিছু ড্রিবলিং করেছেন নেইমার। চোখধাঁধানো সেই পারফরম্যান্সের মুগ্ধ দর্শক হয়ে গিয়েছিলেন এনরিকেও, ‘ও মাঝেমধ্যে ফুটবলের মানে এমন বানিয়ে ফেলে, যেটা অন্যদের চেয়ে আলাদা। এমনকি যেকোনো ব্রাজিলিয়ানের চেয়েও। অনেক সময় এমন সব ড্রিবলিং করে, যেটা দেখারও সময় পাওয়া যায় না। এমন কিছু দেখতে পাওয়াটা দারুণ আনন্দের।’
নিজের দলের খেলোয়াড় হলে এমন ড্রিবলিং দেখা আনন্দের। কিন্তু প্রতিপক্ষের জন্য এটা খুব বিব্রতকর। অনেক সময় প্রতিপক্ষ খেলোয়াড়েরা এতে অপমানিতও বোধ করে। বছর দুয়েক আগে কোপা ডের রের ফাইনালে দুর্দান্ত সব ড্রিবলিং করে প্রতিপক্ষকে বোকা বানিয়ে সমালোচনাও শুনেছিলেন নেইমার। তবে নেইমারের সতীর্থ জেরার্ড পিকে মনে করেন, সমালোচনা নয় বরং নেইমারের প্রশংসাতেই উচ্চকণ্ঠ হওয়া উচিত সবার। নেইমার সম্পর্কে নিজে যা বলেছেন, তাতে পিকেকে মনে হচ্ছে নেইমার-জাদুতে আচ্ছন্ন, ‘সে জাদু, আর যা করছে সেটি জাদুকরি। তবে মনে হচ্ছে মাঝেমধ্যে জাদু দেখিয়েও অনেকের কথা শুনতে হয়! অনেকে এটা উপভোগ করার চেয়ে সমালোচনা করতেই পছন্দ করে! নেইমারের মতো খেলোয়াড়েরা ফুটবলের জন্য দারুণ ব্যাপার।’ রয়টার্স, গোলডটকম।
লিওনেল মেসি
মৌসুম ম্যাচ গোল
২০১৪-১৫ ৫৭ ৫৮
২০১৫-১৬ ৪৯ ৪১
২০১৬-১৭* ৪৯ ৫১
নেইমার
মৌসুম ম্যাচ গোল
২০১৪-১৫ ৫১ ৩৯
২০১৫-১৬ ৪৯ ৩১
২০১৬-১৭* ৪২ ১৬
সুয়ারেজ
মৌসুম ম্যাচ গোল
২০১৪-১৫ ৪৩ ২৫
২০১৫-১৬ ৫৩ ৫৯
২০১৬-১৭* ৪৯ ৩৫
মোট গোল
১২২
১৩১
১০২
* মৌসুম এখনো শেষ হয়নি