
আকাশে কালো মেঘ দেখা গিয়েছিল অনেক আগেই। গত কয়েক মাসের ঘটনাপরম্পরা ইঙ্গিত দিচ্ছিল ফিফায় আরেকটি ঝড় আসন্ন। হলো তা-ই। ঘুষ-দুর্নীতি কেলেঙ্কারিতে জেরবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় কালবৈশাখীর আঘাতে উপড়ে গেল ব্ল্যাটার-প্লাতিনি নামের মহিরুহরা। ফিফার নৈতিকতা কমিটি তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে এঁদের। নিষিদ্ধ হয়েছেন আরও দুজন। আরেকটি নতুন বাঁকে এসে দাঁড়িয়েছে ফিফা
মাত্র দুই সপ্তাহের মধ্যেই সবকিছু যেন ভোজবাজির মতো বদলে গেল! বোঝা যাচ্ছিল, সেপ ব্ল্যাটারের পায়ের নিচ থেকে মাটিটা একটু একটু সরে যাচ্ছে। কিন্তু মিশেল প্লাতিনি এভাবে মাটিতে আছড়ে পড়বেন সেটা কে ভেবেছিল? কাগজে-কলমে এখনো ফিফা সভাপতি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের। তবে নৈতিকতা কমিটির ৯০ দিনের নিষেধাজ্ঞার পর নিজেও হয়তো সেই সম্ভাবনা আর দেখছেন না।
গত মাসে যখন সুইস তদন্ত কর্মকর্তারা ব্ল্যাটারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনেছিলেন, সেটির সঙ্গে প্লাতিনিরও নাম জড়িয়ে পড়েছিল। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত দুজনের মধ্যে একটা আর্থিক লেনদেন হয়েছিল। ফিফার পরামর্শক হিসেবে প্লাতিনি সেই অর্থ পেয়েছিলেন ২০১১ সালে। মূল অভিযোগ ব্ল্যাটারের দিকেই, প্লাতিনিকে সরাসরি দায়ী করা হয়নি। তবে ব্ল্যাটার দাবি করেছিলেন, এই লেনদেনে কোনোরকম অনিয়ম হয়নি। প্লাতিনির দাবিও তা-ই, পরে আত্মপক্ষ সমর্থনে ব্যাখ্যা দিয়েছেন কেন হয়েছিল ওই লেনদেন। কিন্তু সেটা যে ফিফার নৈতিকতা কমিটিকে সন্তুষ্ট করতে পারবে না, সেটা এত তাড়াতাড়ি হয়তো বুঝে উঠতে পারেননি! ৯০ দিনের পরও ব্ল্যাটার, প্লাতিনি ও ভালকের নিষেধাজ্ঞা বাড়তে পারে আরও ৪৫ দিন, যেটির অর্থ নির্বাচনের আগে ফিফায় ফেরার সম্ভাবনা প্রায় নেই-ই।
ফিফা থেকে বহিষ্কার করার খবরটা পরশুই চাউর হয়েছিল। সেটি নিয়ে প্লাতিনি কালই ক্ষোভে ফেটে পড়েছিলেন, ‘এটা খুবই গুরুতর একটা ব্যাপার। এ ব্যাপারটা ইচ্ছা করে ফাঁস করা হয়েছে, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। আমার ভাবমূর্তির জন্য এটা হুমকি।’ এই কথার ঘণ্টা খানেক পরেই জানা যায়, নিষেধাজ্ঞার গুঞ্জনটাই সত্যি। প্লািতনি কাল যথারীতি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। নিষেধাজ্ঞার বিরুদ্ধে খুব দ্রুত আবেদন করবেন বলেও জানিয়েছেন।
তার আগে আত্মপক্ষ সমর্থন করেছেন ব্ল্যাটারও। তাঁর সুইস ও আমেরিকান আইনজীবীরা দাবি করেছেন, ফিফার এই তদন্ত নিয়ম মেনে হয়নি। ব্ল্যাটার এতে প্রচণ্ড হতাশ বলেও তাঁরা জানিয়েছেন। তাঁদের কথা, সুইস তদন্ত কর্মকর্তা ব্ল্যাটারের বিরুদ্ধে অভিযোগ আনলেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেনি। তাহলে এত দ্রুত ব্ল্যাটারকে সরিয়ে দেওয়া হলো কেন?
নিষিদ্ধ বাকি দুজনও নিজেদের নির্দোষ বলেই দাবি করছেন। মহাসচিব জেরোম ভালকের বিরুদ্ধে টিভিস্বত্ব নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। সেটার জন্য তাঁকে ৯০ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞার পর নিশ্চিত হয়ে গেল, ফিফায় তাঁর অধ্যায়েও দাঁড়ি পড়ে গেছে। তবে সাবেক সহসভাপতি দক্ষিণ কোরিয়ার চুং মং-জুনের শাস্তিটাই হয়েছে বেশি। দুই দিন আগেই ব্ল্যাটারের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন, আর কাল নিজেই নিষিদ্ধ হয়ে গেলেন ছয় বছরের জন্য! মং-জুন কাল জোরের সঙ্গে বলেছেন, তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। তবে তাঁর সভাপতি হওয়ার সম্ভাবনাটা বিশাল একটা ধাক্কা খেল।
এখন প্রশ্ন, ফিফার নতুন সভাপতি তাহলে কে হতে পারেন? ইউরোপের দেশগুলো এখনো প্লাতিনির পাশেই আছে, কাল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন সেটা সরাসরি জানিয়েও দিয়েছে। জার্মানি, ফ্রান্সও জরুরি বৈঠকের ডাক দিয়েছে। তবে আগের নির্বাচনে ব্ল্যাটারের কাছে হেরে যাওয়া জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইনের পাল্লাই এখন ভারী বলে ফুটবল বিশেষজ্ঞদের ধারণা। বাজির দরেও কাল প্রিন্স আলী এগিয়ে গেছেন। দৃশ্যপটে চলে এসেছেন দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ টোকিও সেক্সওয়েল, ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও তাঁকে সমর্থন দিয়েছেন।
এ মুহূর্তে অবশ্য ফিফার হাল যাঁকে ধরতে হয়েছে, তিনিও বিতর্কের ঊর্ধ্বে নন। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি ইসা হায়াতুই সামনের তিন মাস ফিফার অভিভাবক। দুর্নীতির অভিযোগ আছে তাঁর বিরুদ্ধেও। আর প্লাতিনির জায়গায় উয়েফাতে যিনি আসতে পারেন, সেই আনহেল মারিয়া ভিলারের দিকেও ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ নিয়ে আছে সন্দেহের তির। বোঝাই যাচ্ছে, ফিফা থেকে কেলেঙ্কারির দাগ পুরোপুরি মুছে ফেলতে আরও সময় লাগবে। এএফপি, রয়টার্স।
ফিফা কেলেঙ্কারির সময়পঞ্জি
২০১০
২ ডিসেম্বর: ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় রাশিয়া ও কাতার। নির্বাচনের ঠিক আগে ভোট বিক্রির অপচেষ্টার দায়ে ফিফা নির্বাহী কমিটির ছয় সদস্য বহিষ্কার।
২০১১
২৩ জুন: অসদাচরণের দায়ে আজীবনের জন্য নিষিদ্ধ ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী ও ফিফার সাবেক সহসভাপতি কাতারের মোহাম্মদ বিন হাম্মাম।
২০১৩
৩০ এপ্রিল: ফিফার সাবেক সভাপতি হোয়াও হাভেলাঞ্জ এবং নির্বাহী কমিটির সদস্য রিকার্ডো টিসেরা ও নিকোলাস লিওজের বিরুদ্ধে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগ। ৬ মে: ফিফার নৈতিকতা কমিটি কনক্যাকাফের সাবেক মহাসচিব চাক ব্লেজারকে বহিষ্কার করে।
২০১৫
২৭ মে: জুরিখের এক হোটেলে সুইস পুলিশের অভিযান। দুই সহসভাপতিসহ ফিফার সাত কর্মকর্তা আটক। যুক্তরাষ্ট্র ঘুষ নেওয়ার অভিযোগ তোলার পর অভিযান চালায় সুইজারল্যান্ডের পুলিশ। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ নিয়ে ভোট কেনাবেচার অভিযোগও ছিল। ২৯ মে: জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইনকে হারিয়ে পঞ্চম মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত ব্ল্যাটার। ২ জুন: দুর্নীতি নিয়ে চাপে পিষ্ট ব্ল্যাটারের আগাম সভাপতি নির্বাচন দিয়ে নিজে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ১৭ সেপ্টেম্বর: কালোবাজারে বিশ্বকাপ টিকিট বিক্রির অভিযোগে ফিফা মহাসচিব জেরোম ভালকেকে বাধ্যতামূলক ছুটি। ২৫ সেপ্টেম্বর: আর্থিক অনিয়ম ও বিধি ভঙ্গ করে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে টাকাপয়সা দেওয়ার অভিযোগে ব্ল্যাটারের বিরুদ্ধে সুইজারল্যান্ডে ফৌজদারি তদন্ত শুরু। প্লাতিনির দাবি, অর্থ বৈধভাবেই নেওয়া। ৮ অক্টোবর: ফিফার নৈতিকতা কমিটি ব্ল্যাটার, প্লাতিনি ও ভালকেকে ৯০ দিনের জন্য বহিষ্কার করল। সভাপতি পদের আরেক প্রার্থী দক্ষিণ কোরিয়ার চুং মং-জুং নিষিদ্ধ ছয় বছরের জন্য।