আরও কাছে বার্সা, ছিটকে গেল অ্যাটলেটিকো

ন্যু ক্যাম্পে এসপানিওলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শিরোপার আরও কাছে চলে এল বার্সেলোনা। একই রাতে ৩-২ ব্যবধানে ভ্যালেন্সিয়াকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল রিয়াল মাদ্রিদও। তবে লেভান্তের মাঠে ২-১ গোলে হেরে এই শিরোপা দৌড় থেকে ছিটকে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ন্যু ক্যাম্পে এসপানিওলের বিপক্ষে লুইস সুয়ারেজের জোড়া গোলের সঙ্গে একটি করে গোল করেছেন লিওনেল মেসি, নেইমার ও রাফিনহা। রিয়ালকে জিতিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের সঙ্গে করিম বেনজেমার আরও এক গোল।
কাল রাতে এই নাটকীয়তার কারণে লিগে একটি করে ম্যাচ বাকি থাকতে পয়েন্ট তালিকায় বেশ কিছুদিন পর একটা পরিবর্তনও এল। বার্সেলোনা যথারীতি শীর্ষে থাকলেও অ্যাটলেটিকোকে সরিয়ে দুই নম্বরে চলে এল রিয়াল। ৩৭ ম্যাচ পর বার্সার পয়েন্ট ৮৮, রিয়ালের ৮৭। হেরে গিয়ে লড়াই থেকে ছিটকে গেছে ৮৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা অ্যাটলেটিকো। বার্সা ও রিয়াল নিজেদের শেষ ম্যাচে হারলেও বার্সেলোনার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকার কারণে এখন আর চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না ডিয়েগো সিমিওনের দলের পক্ষে। এএফপি।