আরও কাছে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে গোল পেলেন অ্যানফিল্ডে, পরশু ক্রিস্টিয়ানো রোনালদোর সেই চেনা উদ্যাপনে সঙ্গী করিম বেনজেমা। পরে বেনজেমা করেছেন জোড়া গোল l রয়টার্স
অবশেষে গোল পেলেন অ্যানফিল্ডে, পরশু ক্রিস্টিয়ানো রোনালদোর সেই চেনা উদ্যাপনে সঙ্গী করিম বেনজেমা। পরে বেনজেমা করেছেন জোড়া গোল l রয়টার্স

এ যেন ১০০ মিটার দৌড়ের অন্তিম সেকেন্ডের মহড়া। আগের দিন লিওনেল মেসি গোল করে রোনালদোর পাশে বসেছিলেন। পরশু গোল করে মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো, পূর্বসূরি রাউল গঞ্জালেসের চ্যাম্পিয়নস লিগে ৭১ গোলের রেকর্ড ছুঁতে মাত্র ১ গোল দরকার সিআর সেভেনের।
রেকর্ডটা অবশ্য লিভারপুলের সঙ্গে ম্যাচেই হয়ে যেতে পারত। শনিবারই বার্সেলোনার সঙ্গে এল ক্লাসিকো, তাই শেষ ১৫ মিনিট তাঁকে মাঠে রেখে আর ঝুঁকি নিতে চাননি কোচ। এটা যেমন একটা ব্যাপার। তার আগে ম্যাচেও তো গোল করার আরও সুযোগ ছিল রোনালদোর সামনে। একবার রোনালদোর বাঁ পায়ের শট চলে যায় পোস্টের বাইরে, আরেকবার লিভারপুল গোলরক্ষক মিনিয়োলেত দুর্দান্ত সেভ করে হতাশ করেন তাঁকে।
রোনালদো বা মেসি যে-ই হোক, রাউলের রেকর্ডটা নিশ্চিতভাবে ভেঙে যাবে শিগগিরই। তবে রোনালদো সেটা নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন। যদিও মনে করছেন তিনিই আগে রেকর্ডটা ভেঙে ফেলবেন, ‘আমি এটা নিয়ে উদ্বিগ্ন নই। আমি জানি রেকর্ডটা আমি ভেঙে ফেলব। আজ না হোক, অন্য কোনো ম্যাচে। মেসিও খুব কাছাকাছি আছে।’ পরশু লিভারপুলকে হারানোকেই বড় করে দেখছেন, ‘এটা একটা দলীয় খেলা। আমাদের ৯ পয়েন্ট হয়েছে, পরের পর্বে যাওয়ার ৭৫ ভাগ কাজ আমরা সেরে রেখেছি।’ ছয়বারের চেষ্টার পর অ্যানফিল্ডে গোল করেও উচ্ছ্বসিত, ‘অ্যানফিল্ডে প্রথম গোল করাটা গর্বের ব্যাপার তো বটেই। এটা আসলেই বিশেষ কিছু।’ গোলডটকম।