আরও কাছে লেস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার আরও কাছে চলে এসেছে লেস্টার সিটি। কাল নিজের মাঠে ক্লদিও রানিয়েরির দল ৪-০ গোলে হারিয়েছে সোয়ানসি সিটিকে। অন্য ম্যাচে আর্সেনাল গোলশূন্য ড্র করেছে সান্ডারল্যান্ডের সঙ্গে। সোয়ানসির বিপক্ষে জোড়া গোল করেছেন লেস্টারের লিওনার্দো উজোয়া, একটি করে গোল রিয়াদ মাহরেজ ও মার্ক আলব্রিংটনের। ৩৫ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে লেস্টার, চারে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৪।
এদিকে পরশু লিলকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো লিগ কাপ জিতল প্যারিস সেন্ট-জার্মেই। ৪০ মিনিটে হাভিয়ের পাস্তোরের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর ৪৯ মিনিটে লিলের হয়ে সমতা এনেছিলেন জিব্রিল সিদিবে। পরে ৭৪ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে ম্যাচ জিতে নেয় পিএসজি।
পিএসজির মতো ২-১ গোলের জয়ে এফএ কাপের ফাইনালে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৯০ মিনিট পর্যন্ত এভারটনের সঙ্গে ম্যাচটি ছিল ১-১ গোলে সমতায়। যোগ করা সময়ে গোল করে দলকে জয় এনে দিয়েছেন অ্যান্থনি মার্শিয়াল। রয়টার্স।