আরও চার বছর ব্ল্যাটার-রাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফার সভাপতি নির্বাচনে ভোট দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন (বাঁয়ে)। ভোট গ্রহণের আগে ফিফা কংগ্রেসে সভাপতি সেপ ব্ল্যাটারের বক্তব্য। কাল জুরিখে l এএফপি
ফিফার সভাপতি নির্বাচনে ভোট দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন (বাঁয়ে)। ভোট গ্রহণের আগে ফিফা কংগ্রেসে সভাপতি সেপ ব্ল্যাটারের বক্তব্য। কাল জুরিখে l এএফপি

এত কিছুর পরও সেপ ব্ল্যাটারই!
একটু একটু করে পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছিল ব্ল্যাটারের। দীর্ঘদিনের সঙ্গীদের অনেকের দিকেই উঠেছে দুর্নীতির অভিযোগ। প্রায় পুরো ইউরোপই চায় ব্ল্যাটারের অপসারণ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনদের মতো রাজনীতিকেরাও খোলাখুলি ব্ল্যাটারের মুণ্ডুপাত করছেন। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গ্রেগ ডাইক তো ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বর্জনের আভাসই দিয়ে ফেললেন। এত কিছুর মধ্যেও কাল ফিফার সভাপতি পদে নির্বাচনে ব্ল্যাটারই এগিয়ে ছিলেন ভোটের অঙ্কে। ৭৯ বছর বয়সী সুইস পঞ্চম মেয়াদে না জিতলে সেটা হতো অঘটনই। ব্ল্যাটার জিতেছেন, বৈধ ২০৬ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ১৩৩ ভোট। আর তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ৩৯ বছর বয়সী জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইন পেয়েছেন ৭৩ ভোট।
দুই দিন আগে দুর্নীতির দায়ে ফিফার সাত কর্মকর্তা জুরিখে গ্রেপ্তার হওয়ার পর থেকেই টালমাটাল ফুটবল-বিশ্ব। ব্ল্যাটারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ ওঠেনি, কিন্তু তাঁর দিকেই সবার আঙুল। ডিয়েগো ম্যারাডোনা তাঁকে স্রেফ ‘চোর’ বলেছেন। ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) সভাপতি মিশেল প্লাতিনিও প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ব্ল্যাটার আবার নির্বাচিত হলে উয়েফা এমনকি পরবর্তী বিশ্বকাপ বর্জনও করতে পারে। দুর্নীতির কালিটা উত্তর ও মধ্য আমেরিকার কনফেডারেশন কনক্যাকাফের গায়েই অঞ্চলেই বেশি লেগেছে। কিন্তু কাল ফিফা কংগ্রেস শুরুর আগে ব্ল্যাটার হারান আরও কয়েকজন সমর্থক। যুক্তরাষ্ট্র ও কানাডা ব্ল্যাটারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দেয়। গত জানুয়ারিতে ওশেনিয়ার সব ফিফা সদস্য সমর্থন দিয়েছিল ব্ল্যাটারকে। কাল নিউজিল্যান্ডও ভেড়ে জর্ডানের প্রিন্স আলির শিবিরে। ইউরোপের বেশির ভাগ দেশ তো হুসেইনের পেছনে আগের দিনই দাঁড়িয়েছে। কাল ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বলেছেন, ‘আমার মনে হয় তাঁর চলে যাওয়া উচিত। এই পর্যায়ের একটা সংগঠনে এ রকম দুর্নীতির অভিযোগ মেনে নেওয়া যায় না।’ এত কিছুর পরও সমীকরণ ব্ল্যাটারের দিকেই যাওয়ার কারণ অস্ট্রেলিয়া ছাড়া এশিয়ার বেশির ভাগ দেশের সমর্থন এই সুইসের দিকে। আফ্রিকা আর এশিয়ারই মিলিত ভোট ১০০, মোট ভোটের অর্ধেকের কাছাকাছি। কনক্যাকাফ ও লাতিন আমেরিকার বেশির ভাগ ভোটও বর্তমান সভাপতির বাক্সেই যাওয়ার কথা। ২০৯ সদস্যবিশিষ্ট ফিফায় গঠনতন্ত্র অনুযায়ী সরাসরি জিততে লাগে দুই-তৃতীয়াংশ অর্থাৎ ১৩৯ ভোট। সেটি কেউ না পেলেই হয় দ্বিতীয় দফা ভোট। তাতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই জয়। কিন্তু দ্বিতীয় দফা ভোটে আর যাননি প্রিন্স আলী।
পরশু সমালোচনার জবাবে ব্ল্যাটার শুধু আত্মপক্ষ সমর্থন করে গেছেন। কাল উদ্বোধনী ভাষণে মেনে নিতে বাধ্য হয়েছেন ফুটবল সংকটের মুখে দাঁড়িয়ে, ‘এই সপ্তাহের ঘটনাগুলো ঝড়ের মতোই এসেছে। আমাদের কিছু সমস্যার সমাধান করতে হবে।’ তবে পরে একটু পাটকেলও ছুড়েছেন, ‘সভাপতি নির্বাচনের দুই দিন আগে এসব হওয়া ভালো কিছু নয়। অনেকেই হয়তো ব্যাপারটাকে কাকতাল বলবে, কিন্তু আমার মনে একটু প্রশ্ন জাগছেই।’ ব্ল্যাটার যেটি রাখঢাক রেখে বলেছেন, সেটা পরিষ্কার করে দিয়েছেন ফিফার নির্বাহী কমিটির সদস্য ও এশিয়ান অলিম্পিক কাউন্সিলের চেয়ারম্যান শেখ আহমাদ আল ফাহাদ আল সাবাহ, ‘কংগ্রেসের মাত্র দুই দিন আগেই কেন এ রকম হলো? এটা তো ছয় সপ্তাহ আগেই করা যেত। ইংল্যান্ড ও রাশিয়া যদি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের দায়িত্ব পেত, তাহলে কি এ রকম কিছু হতো?’ কয়েক দিন আগেও মনে হচ্ছিল ব্ল্যাটারের সঙ্গে একেবারেই প্রতিদ্বন্দ্বিতা হবে না তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। এই কদিনের পালাবদল ভোটটাকে শুধু দ্বিতীয় পর্ব পর্যন্তই টেনে নিতে পারল। কাল অবশ্য ভোটের আগে একপশলা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল জুরিখে। সকালে অজ্ঞাতনামা একটা ফোনে হোটেলে বোমা পুঁতে রাখার আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়। পুলিশ তন্ন তন্ন করে খুঁজেও বোমা পেতে রাখার কোনো আলামত পায়নি। বোমাতঙ্কটা মিথ্যা হতে পারে, কিন্তু বিশ্ব ফুটবলে গাঢ় হয়ে আসা অস্থিরতার মেঘটা মিথ্যা নয়! এএফপি, রয়টার্স।
ফিফার সভাপতি নির্বাচন
মোট ভোট ২০৯
বাতিল ৩ ভোট
সেপ ব্ল্যাটার ১৩৩ ভোট
প্রিন্স আলী বিন আল হুসেইন ৭৩ ভোট
* প্রিন্স আলী সরে দাঁড়ানোয় দ্বিতীয় দফা ভোট হয়নি। ব্ল্যাটারকে বিজয়ী ঘোষণা।