আরও ঝামেলায় প্লাতিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশেল প্লাতিনি
মিশেল প্লাতিনি

৮ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন। সঙ্গে গুনতে হচ্ছে ২০ লাখ সুইস ফ্রাঁ জরিমানাও। এসবের মধ্যেই আবার নতুন ঝামেলায় জড়িয়ে গেলেন সাবেক উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। নিষেধাজ্ঞার নিয়ম ভঙ্গ করে ফুটবলের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সেই ঝামেলা ডেকে এনেছেন প্লাতিনি নিজেই।
২১ ডিসেম্বর ফিফার নৈতিকতা কমিটি ৮ বছর ফুটবল-সংশ্লিষ্ট সব কর্মকাণ্ড থেকেই নিষিদ্ধ করেছে সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনিকে। যার অর্থ হচ্ছে, দুই ফুটবল প্রশাসক ফুটবল-সংশ্লিষ্ট কোনো কাজেই অংশ নিতে পারবেন না। ঢুকতে পারবেন না জুরিখে ফিফা ভবনেও। ফিফা কিংবা উয়েফার কোনো অনুষ্ঠানে যেতে পারবেন না, এ দুটি সংগঠনের পক্ষে কোনো আনুষ্ঠানিক বিবৃতিও দিতে পারবেন না তাঁরা। এমনকি যদি কখনো মাঠে বসে খেলা দেখারও ইচ্ছে হয়, যেতে হবে সাধারণ দর্শকের মতো টিকিট কেটে!
কিন্তু ২৭ ডিসেম্বর দুবাই স্পোর্টস কাউন্সিল আয়োজিত গ্লোব সকার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেছে মিশেল প্লাতিনিকে। যেখানে উপস্থিত ছিলেন লিওনেল মেসি ও আন্দ্রেয়া পিরলোর মতো তারকারাও। শুধু তা-ই নয়, ওই অনুষ্ঠানে ইতালিয়ান সংবাদমাধ্যমের সঙ্গে ফুটবল এবং তাঁর নিষেধাজ্ঞা নিয়ে কথাও বলেছেন উয়েফার এই সাবেক প্রধান। যেটি নিষেধাজ্ঞার আচরণবিধি লঙ্ঘন বলেই মনে করছে ফিফা নৈতিকতা কমিটি।
সংবাদমাধ্যমের কাছে এ নিয়ে এখন খোলাখুলি কিছু বলতে রাজি হননি নৈতিকতা কমিটির কেউ। তবে নাম না প্রকাশ করার শর্তে কমিটির এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘নৈতিকতা কমিটির তদন্ত বিভাগ আচরণবিধি লঙ্ঘনের এ ঘটনা তদন্ত করছে।’
প্লাতিনি কিংবা তাঁর কোনো মুখপাত্র অবশ্য এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। রয়টার্স।