আরও দুঃসংবাদ আসছে, বলছেন ব্ল্যাটারই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬৫তম কংগ্রেসের ভাষণ দিচ্ছেন ব্ল্যাটার। ছবি: এএফপি
৬৫তম কংগ্রেসের ভাষণ দিচ্ছেন ব্ল্যাটার। ছবি: এএফপি

এর চেয়ে বড় দুঃসংবাদ আর কী হতে পারে? ফুটবল বিশ্বে এমন কালো অধ্যায় আর আসেনি বলে একমত সবাই। বিষয়টি নিয়ে প্রথম মুখ খুলে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার বলছেন, সামনের দিনগুলোতে আসছে আরও অনেক খারাপ খবর।
গতকাল দুর্নীতির অভিযোগে ফিফার সাত শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। কোটি কোটি ডলার দুর্নীতির খবর ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করেছিলেন, এই অবস্থায় ফিফার​ সভাপতি ​পদে নির্বাচন পিছিয়ে দেওয়া হোক এবং ব্ল্যাটার পদত্যাগ করুন। এখন পর্যন্ত কোনো দুর্নীতিতে ব্ল্যাটারের কোনো রকম সংশ্লিষ্টতার কোনো খবর পাওয়া যায়নি। তবে অনেকেই মনে করেন, সংস্থার প্রধান হিসেবে ব্ল্যাটার কোনো মতেই দায় এড়াতে পারেন না। এই দায় নিয়ে তাঁর সরে যাওয়াই উচিত। উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিও ছিলেন এই দাবির পক্ষে।
কিন্তু গত ১৭ বছর ধরে টানা ফিফা প্রধানের দায়িত্ব পালন করা এই ৭৯ বছর বয়সী আরেক মেয়াদে নির্বাচন করার ব্যাপারে অটল থাকেন। আজ ফিফা কংগ্রেসের উদ্বোধনও করেছেন ব্ল্যাটার। আগামীকাল নির্বাচন। যেখানে ব্ল্যাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইন।
ফিফা কংগ্রেসের উদ্বোধনী ভাষণে গতকালকের তোলপাড় করে দেওয়া ঘটনা নিয়েই কথা বলেছেন ব্ল্যাটার। সবাইকে সতর্ক করে বলেছেন, ‘আগামী কয়েক মাস ফিফার জন্য হবে কঠিনতম সময়। আমি নিশ্চিত আরও খারাপ খবর আসছে। তবে এই মুহূর্তে আবার সবার মধ্যে আস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে জরুরি।’ অন্ধকার সুড়ঙ্গে আলোর রেখা দেখছেন ব্ল্যাটার। বলছেন, ‘চলুন এই সময়টাকেই নতুন দিন বদলের মুহূর্ত বানিয়ে ফেলি​।’
নিজের দায় সম্পর্কে ব্ল্যাটারের দাবি, তাঁর পক্ষে সবার ওপর নজরদারি করা সম্ভব নয়। তবে তিনি বলেছেন, ‘আসলে কেউ যদি অন্যায় কিছু করতে চায়, সে সেটা লুকানোর চেষ্টাই করবে। তবে আমাদের এই সংস্থার সম্মান, সুরক্ষা আর সব সমস্যা কাটিয়ে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমার ওপরই বর্তায়।’
দুর্নীতির বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করে ব্ল্যাটার বলেছেন, ‘ফিফার সম্মান ও ভাবমূর্তি আরও বেশি কর্দমাক্ত হতে দেওয়া চলবে না। এটা এখানেই থামাতে হবে।’ যেসব কলঙ্ক ফাঁস হয়েছে সেগুলোকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে বলেছেন, ‘শীর্ষ পদ থেকে একদম নিচ পর্যন্ত, যে বা যারাই অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। যেসব কর্তৃপক্ষ এ নিয়ে তদন্ত করছে, আমরা তাদের পূর্ণ সহযোগিতা করে যাব।’ এএফপি, রয়টার্স, সিএনএন।