আরও দুই-তিন বছর রিয়ালেই রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো চীনে এসেছেন আর তাঁকে দেখতে ভিড় জমবে না, তা হয় নাকি? ঘিরে ধরা ভক্তদের সঙ্গে একটা সেলফিও তুললেন পর্তুগিজ ফরোয়ার্ড l ফেসবুক
ক্রিস্টিয়ানো রোনালদো চীনে এসেছেন আর তাঁকে দেখতে ভিড় জমবে না, তা হয় নাকি? ঘিরে ধরা ভক্তদের সঙ্গে একটা সেলফিও তুললেন পর্তুগিজ ফরোয়ার্ড l ফেসবুক

একই কথা জিনেদিন জিদান কয়েক দিন আগেও বলেছেন। পরশু আরও একবার বললেন। তবে এবার আরও জোরের সঙ্গে, আরেকটু আত্মবিশ্বাস নিয়ে। কী কথা? ক্রিস্টিয়ানো রোনালদো কোথাও যাচ্ছেন না, থাকবেন রিয়াল মাদ্রিদেই।

হঠাৎই রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন ওঠে কর-সংক্রান্ত ঝামেলার কারণে। ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন রোনালদো—এই অভিযোগে গত মাসে তাঁর বিরুদ্ধে মামলা করে স্পেনের কর কর্তৃপক্ষ। নিজেকে সব সময়ই নির্দোষ দাবি করে আসা ৩২ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড এতে বিরক্ত হয়ে রিয়াল ও স্পেন ছাড়ার পরিকল্পনা করছেন বলে দাবি করে পর্তুগিজ দৈনিক এ বোলা। যদিও খবরটাকে খুব একটা পাত্তা দেননি জিদান। যুক্তরাষ্ট্রে প্রাক্-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট খেলতে স্পেন ছাড়ার আগেই বলে গেছেন, রোনালদো রিয়ালেই থাকবে। পরশু লস অ্যাঞ্জেলেসে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ উঠতেই আবার বললেন, ‘আমি কখনো এ বোলারখবর অস্বীকার করিনি। আরও অনেকের মতো আমিও ওটা দেখেছি। ওরা কী বলছে, সেটা শুনেছি। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, রোনালদো রিয়ালকে নিয়ে কী ভাবছে। যখনই এ ব্যাপারে আমি ওর সঙ্গে কথা বলেছি, ওকে খুব নির্ভার মনে হয়েছে। আমার বিশ্বাস, সে রিয়ালেই থাকবে। ছুটি কাটিয়ে সে ৫ আগস্ট আমাদের সঙ্গে যোগ দেবে। আমার বিশ্বাস, আরও ২-৩ বছর সে রিয়ালেই থাকবে।’

তবে রোনালদো থাকলেও এরই মধ্যে রিয়াল ছেড়ে চেলসিতে চলে গেছেন আলভারো মোরাতা। তাঁর জায়গায় একজন স্ট্রাইকার নেওয়ার কথা ভাবছেন জিদান, ‘এ মুহূর্তে আমাদের একজন স্ট্রাইকার কম আছে। মোরাতা গত মৌসুমে আমাদের অনেক দিয়েছে।’

যাঁকে নিয়ে এত কথা, সেই রোনালদো অবশ্য ছুটিটা ভালোই কাটাচ্ছেন। ইবিজা থেকে কয়েক দিনের জন্য গেছেন চীনে। সেখানে পরশু হঠাৎই হাজির হয়েছিলেন সাংহাই ও গুয়াংজু এভারগ্রান্দের ম্যাচটা দেখতে। সাংহাইয়ের হয়ে আবার খেলেন তাঁর বন্ধু রিকার্ডো কারভালহো। ম্যাচের আগে বন্ধুকে নিয়েই মাঠে নেমে গেছেন রোনালদো। সাংহাইতে গত ১৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়েছে এবার। সেটা নিয়ে মজা করে রোনালদো বলেছেন, ‘আজকে সাংহাই সবচেয়ে বেশি উত্তপ্ত, কারণ আজ আমি এখানে এসেছি।’ পরে দর্শকদের অনুরোধে দেখিয়েছেন বল নিয়ে একটু কারিকুরিও।

শুধু বন্ধু কারভালহোই নয়, ম্যাচের আগে রোনালদো দেখা করেছেন গুয়াংজু এভারগ্রান্দের কোচ লুইস ফেলিপে স্কলারির সঙ্গেও। ২০০৩ সালে এই ব্রাজিলিয়ান যখন পর্তুগালের কোচ ছিলেন, তাঁর অধীনেই জাতীয় দলে অভিষেক হয় রোনালদোর। মার্কা, এএফপি।