আরও নির্দয় আমিরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর মুখগুলোতে রাজ্যের হতাশা। এরপর আর বলা লাগে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল কী করেছে। কাল এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে আরব আমিরাত বাংলাদেশের কিশোরদের হারিয়েছে ৬-১ গোলে l প্রথম আলো
কিশোর মুখগুলোতে রাজ্যের হতাশা। এরপর আর বলা লাগে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল কী করেছে। কাল এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে আরব আমিরাত বাংলাদেশের কিশোরদের হারিয়েছে ৬-১ গোলে l প্রথম আলো

‘আরও বেশি ব্যবধানে জিততে চেয়েছিলাম’—ম্যাচের পর সংবাদ সম্মেলনে বললেন সংযুক্ত আরব আমিরাতের কোচ আবদুল রহমান আল শাহিন। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইপর্বে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে সৌদি আরবের তুমুল প্রতিদ্বন্দ্বী সংযুক্ত আরব আমিরাত। দুই দলই একই বিক্রমে চড়াও হলো দুর্বল বাংলাদেশের ওপর। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে শাওনদের হার ৫-১ গোলে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের কাছে তারা হারল ৬-১ গোলে।

হারটা অনুমিতই ছিল। কিন্তু ব্যবধানটা কী হয় সেটাই ছিল দেখার। বেশি বয়স ধরা পড়ায় এমনিতেই নেই অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন দলের চার গুরুত্বপূর্ণ ফুটবলার সাদ, খলিল, সজীব ও আতিক। এর সঙ্গে চোটের হানা—সিলেটে খেলা সাফের সেই দলটিকে তাই চেনাই গেল না ঢাকায়। তার ওপর প্রথম ম্যাচে দলের সেরা গোলরক্ষক ফয়সাল দেখেছে লাল কার্ড। বাংলাদেশের কিশোর দলটি দুর্বল ছিল যথেষ্টই।
ফিফা র্যাঙ্কিংয়ে সংযুক্ত আরব আমিরাত ৭০তম। সেই দলটির বয়সভিত্তিক ফুটবলারদের সঙ্গে ১৭৩তম স্থানে থাকা বাংলাদেশের যুব দলের যোজন যোজন ব্যবধান হওয়াটাই স্বাভাবিক। সেই ব্যবধান দুর্দান্ত দাপটেই মাঠে অনুবাদ করল আরব আমিরাতের ছোটরা। বল নিয়ে তাদের ড্রিবলিং, একই সঙ্গে বল নিয়ে ওঠা-নামা, দুই প্রান্ত দিয়ে সাজানো আক্রমণে যেন বারবারই দিশেহারা হয়ে পড়ছিল বাংলাদেশ দল।

>বাংলাদেশ ১: ৬ আরব আমিরাত

১২ মিনিটে আবদুল্লাহ আল নাগবি করেছে প্রথম গোল। ২৬ মিনিট পর স্কোরলাইন হলো ৪-০। ম্যাচ আসলে ওখানেই শেষ! ১৮, ২২ ও ৩৮ মিনিটে গোলগুলো করল মাজিদ রশিদ, সুলতান সাঈদ ও আলী আমরো। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ ম্যাচে ফেরার একটু চেষ্টা করেছে। ৫১ মিনিটে নিপুর ক্রস থেকে শাওনের গোলেই ছিল সেই আভাস। কিন্তু কোথায় কী! গোল খেয়ে আমিরাতের ছেলেরা যেন আরও খ্যাপা বাঘ। ৬২ মিনিটে পেনাল্টি থেকে মাজিদ রশিদ করে নিজের দ্বিতীয় গোল (৫-১)। বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে ওই রশিদই হ্যাটট্রিক পূর্ণ করল ৬৮ মিনিটে।
হতাশ বাংলাদেশের কোচ গোলাম জিলানী বাস্তবতা মেনে নিয়ে বললেন, ‘এশিয়ার সেরা দুই দলের সঙ্গে খেলে অভিজ্ঞতা হলো আমাদের। ফিজিক্যালি, মেন্টালি, টেকনিক্যালি, ট্যাকটিকালি—প্রতিটি জায়গায় ওরা এগিয়ে। মাত্র তিন মাসের প্রস্তুতি নিয়ে কোনো সেরা কোচ এসেও সাফল্য এনে দিতে পারবে না।’ একই সুরে কথা বললেন আরব আমিরাতের কোচ শাহিন। বাংলাদেশকে একটু উপদেশ দেওয়ার সুযোগটাও তিনি হারাতে চাইলেন না, ‘বাংলাদেশের এই ছেলেদের উন্নতির জন্য আরও সময়ের দরকার। এ জন্য সরকার ও ফেডারেশনকেই এগিয়ে আসতে হবে।’