আরও পাঁচ 'যুগলবন্দী'
লিওনেল মেসি-লুইস সুয়ারেজের ‘যুগলবন্দী’ পেনাল্টি গোল নিয়ে ফুটবল-বিশ্বে তোলপাড়। তবে এমন চেষ্টাও ফুটবল কিন্তু আগেও দেখেছে পাঁচবার...
রিক কোপেন্স ও আন্দ্রে পিটারস
(বেলজিয়াম-আইসল্যান্ড, ১৯৫৭)
সম্ভবত ‘টু টাচ’ পেনাল্টির উদ্ভাবক বেলজিয়ামের এই স্ট্রাইকার। ১৯৫৭ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বেলজিয়াম জিতেছিল ৮-৩ গোলে। কোপেন্স পেনাল্টি পেয়ে পাস দিয়েছিলেন সতীর্থ পিটারসকে, পিটারস থেকে আবার কোপেন্স, গোল! গত বছর চিরতরে চলে গেছেন কোপেন্স।
মাইক ট্রেবিলকক ও জন নিউম্যান
(প্লাইমাউথ আরজাইল-ম্যান সিটি, ১৯৬৪)
ম্যাচটা ছিল ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের। প্লাইমাউথের কোচ ম্যালকম এলিসনের মাথায় প্রথম খেলে যায় ভাবনাটা। দলের দুই খেলোয়াড় ট্রেবিলকক ও জন নিউম্যানকে দিয়ে সেটি অনুশীলনেও বাজিয়ে নেন। তারপর সুযোগ আসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ওই ম্যাচে। পেনাল্টিতে নিউম্যানের বাড়িয়ে দেওয়া বল জালে জড়িয়ে দেন ট্রেবিলকক। ওই ম্যাচটা শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতেছিল প্লাইমাউথ।
ইয়োহান ক্রুইফ ও জেসপার অলসেন
(আয়াক্স-হেলমন্ড স্পোর্টিং, ১৯৮২)
১৯৮২ সালে ডাচ লিগের একটা ম্যাচ। আয়াক্স এগিয়ে ১-০ গোলে। ৩৫ বছর বয়সী ক্রুইফ পেলেন পেনাল্টি। বলটা না মেরে ক্রুইফ পাস দিলেন সতীর্থ উইঙ্গার জেসপার অলসেনকে। অলসেনের ফিরতি পাস থেকে বাকি কাজটা সারলেন ক্রুইফ। হতভম্ব হেলমন্ড গোলরক্ষক কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন।
রবার্ট পিরেস ও থিয়েরে অঁরি
(আর্সেনাল-ম্যানচেস্টার সিটি, ২০০৫)
এবারের গল্পটা সাফল্যের নয়, বরং ব্যর্থতার। আর্সেনালের রবার্ট পিরেস ভেবেছিলেন, পেনাল্টি থেকে বলটা সতীর্থ অঁরিকে পাস দেবেন। কিন্তু সেটা করতে গিয়েই ভজকট পাকিয়ে ফেললেন। সিটির দুজন খেলোয়াড়ও ছুটে এসেছেন ততক্ষণে, পিরেসের চেষ্টাটা হয়ে গেল হাস্যকর!
ইউসেফ মুইহবি ও বাঘদাদ বুনেদজাহ
(এতুইদ দু সাহেল-মার্শেই, ২০১৫)
তিউনিসিয়ার ক্লাব দু সাহেলের বুনেদজাহর কীর্তিটা এই মৌসুমেই। ফ্রেঞ্চ ক্লাব মার্শেইয়ের সঙ্গে ম্যাচের ঘটনা। দু সাহেলের ইউসেফ মুইহবি কিক না নিয়ে বলটা দিয়েছিলেন সতীর্থ বুনেদজাহকে। মার্শেই গোলরক্ষক মাঁদাদা ততক্ষণে লাফ দিয়ে দিয়েছেন। বুনেদজাহর তাই বাকি কাজটা করতে কোনো কষ্টই হয়নি!