আরও পেছাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের ইতিহাসে সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ নেমেছে আগেই। দুই মাস ধরেই ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৯০তম ছিল বাংলাদেশ। গতকাল প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে আরও অবনমন হয়েছে বাংলাদেশের। তিন ধাপ নিচে নেমে বাংলাদেশের অবস্থান এখন ১৯৩! অবশ্য এই অবনমন হয়েছে কোনো ম্যাচ না খেলেই। গত অক্টোবরে ভুটানের কাছে ৩-১ গোলে হারের পর থেকেই তো বাংলাদেশ কোনো ম্যাচ খেলেনি।

র‍্যাঙ্কিংয়ের প্রথম ১২টি স্থানে কোনো অদলবদল হয়নি। আর্জেন্টিনা এখনো শীর্ষে, দুইয়ে ব্রাজিল। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি তিনে। সেরা দশে দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রতিনিধি আরও তিনটি দেশ, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি (৪), কলম্বিয়া (৭) ও উরুগুয়ে (৯)। ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল আটেই আছে। সবচেয়ে বড় লাফটা দিয়েছে কনক্যাকাফ অঞ্চলের দল সুরিনাম, ৯ ধাপ এগিয়েছে দেশটি (১২০তম)। সবচেয়ে বড় ‘অধঃপতন’ মিয়ানমারের। ১৩ ধাপ পিছিয়ে তারা আছে ১৭২তম স্থানে। তথ্যসূত্র: ফিফাডটকম।