আরও ফাঁসতে পারেন ব্ল্যাটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে ধরতে চায়। সেপ ব্ল্যাটারের ফিফা-অধ্যায় এখন বলতে গেলে শেষই হয়ে গেছে। ফেব্রুয়ারির পরে এমনিতেই দায়িত্ব ছেড়ে দিতেন, নৈতিকতা কমিটির ৯০ দিনের নিষেধাজ্ঞায় সেই অধ্যায়ে হয়তো যতি পড়ল আগেভাগেই। যদিও ফিফার বিদায়ী সভাপতি বলছেন হাল ছাড়বেন না, লড়াই চালিয়ে যাবেন। তবে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল-এর দাবি ঠিক হলে, ব্ল্যাটার আরও বড় ধরনের ঝামেলায় জড়াতে যাচ্ছেন।
সুইস তদন্ত কর্মকর্তারা দুর্নীতির অভিযোগ আনলেও ব্ল্যাটারের বিরুদ্ধে এখনো মামলা করা হয়নি। তবে সেটা সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। সুইস সাময়িকী শোয়েইজার আন সনটাগকে দেওয়া সাক্ষাৎকারে ব্ল্যাটার বলেছেন, ‘আমি লড়াই করে যাব। তারা আমাকে ধ্বংস করে দিত, কিন্তু আমার কাজকে তো তারা ধ্বংস করতে পারবে না।’ ব্ল্যাটার অভিযোগ করেছেন, নিষিদ্ধ করার আগে ফিফার নৈতিকতা কমিটি তাঁর বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণও উপস্থাপন করেনি।
ফিফা-উয়েফা এখন একরকম নেতৃত্বহীন। ব্ল্যাটার তো নিষিদ্ধ হয়েছেনই, ফিফার অনেক শীর্ষ কর্মকর্তাই এখন সাময়িক বা স্থায়ীভাবে নিষিদ্ধ। প্লাতিনির জায়গায়ও উয়েফা কোনো অন্তর্বর্তীকালীন প্রধানের নাম ঘোষণা করেনি। এর মধ্যে শোনা যাচ্ছে, ফিফা ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে দিতে পারে। ফিফা ও উয়েফার নির্বাহী কমিটির সদস্য মাইকেল ডি হুগে বলেছেন, ‘নির্বাচন কেন পিছিয়ে দেওয়ার কথা উঠল সেটা আমি বুঝতে পারছি না। তবে এটা নিয়ে একটা বিতর্ক হচ্ছে।’
তবে ডেইলি মেইল-এর দাবি, ব্ল্যাটার নাকি ফিফার আজীবন নিষিদ্ধ সাবেক সহসভাপতি জ্যাক ওয়ার্নারের কেলেঙ্কারির কথা অনেক আগে থেকে জানতেন। কনক্যাকাফের সাবেক সভাপতি ওয়ার্নারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক পুরোনো। টিভি স্বত্বসহ আরও অনেক কিছু থেকে অর্থ আত্মসাতেরও মামলা আছে তাঁর বিরুদ্ধে। এর আগে ২০১১ সালে নৈতিকতা কমিটি তদন্ত করেছিল ব্ল্যাটারের বিরুদ্ধে। তখন অভিযোগ ছিল, ওয়ার্নারের এসব দুর্নীতির কথা জেনেও ব্ল্যাটার কিছু বলেননি। সেটা অবশ্য তখন প্রমাণ করা যায়নি। এএফপি, মেইল অনলাইন।