আরও বেশি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ
আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের ম্যাচ খেলার সুযোগ বাড়ছে—এটা জানা গিয়েছিল গত জানুয়ারিতেই। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্ব একই সঙ্গে হওয়ার কারণে ৪০ দলের দ্বিতীয় রাউন্ডে অন্তত ৮টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে সংখ্যাটা আসলে আরও বাড়তে পারে। দ্বিতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন বা সেরা চার রানার্সআপের মধ্যে থাকতে পারলে ২০১৯ এশিয়ান কাপে সরাসরিই খেলবে বাংলাদেশ। সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলারও। তৃতীয় রাউন্ডে উঠতে না পারলেও এশিয়ান কাপে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের, দরকার শুধু দ্বিতীয় রাউন্ডের তলানিতে থাকাটা রুখে দেওয়া।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য এশিয়ার ৪০টি দেশ দ্বিতীয় রাউন্ডে ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং সেরা ৪ রানার্সআপ দল খেলবে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে, একই সঙ্গে এশিয়ান কাপের মূল পর্বেও। বাকি ২৮ দেশের বিশ্বকাপ-স্বপ্ন এখানেই শেষ। তবে এদের প্রথম ২৪ দেশের এশিয়ান কাপে খেলার সুযোগ কিন্তু থাকবে।
এই ২৪ দল ছয় গ্রুপে ভাগ হয়ে খেলবে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে। এখান থেকেই বেছে নেওয়া হবে ২৪ দলের এশিয়ান কাপের বাকি দলগুলো। এখন পর্যন্ত অবশ্য বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপিং ও প্রতিপক্ষ চূড়ান্ত হবে ১৪ এপ্রিলের ড্রয়ে। দলগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে।