আরও বড় লজ্জা চান রিভেলিনো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ব্যর্থতার দায় নিয়ে বরখাস্ত হলেন একজন ব্রাজিল কোচ। কিন্তু এই ব্রাজিল যে কিছুতেই জোগো বোনিতো পূজারিদের ব্রাজিল হয়ে উঠতে পারছে না, সেটির দায় কি শুধুই কোচের? কিংবদন্তি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিভেলিনো কিন্তু তা মনে করেন না। তাঁর মতে, এর দায় আছে দেশটির ফুটবলের নীতিনির্ধারকদেরও। ব্রাজিলকে সেই চিরচেনা ব্রাজিল হয়ে উঠতে হলে একটা আমূল পরিবর্তন আনতে হবে।
সেটি কীভাবে? ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিল ফরোয়ার্ডের বিশ্বাস, সে জন্য একটা বড় ধাক্কা লাগবে। লাগবে ব্রাজিলিয়ান ফুটবলে বড় কোনো ট্র্যাজেডি!
একটা ধাক্কা তো সর্বশেষ বিশ্বকাপেই খেয়েছে ব্রাজিল। জার্মানির কাছে সেমিফাইনালে ৭-১ গোলের হারটা ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডিও। কিন্তু রিভেলিনো মনে করেন সেটিও যথেষ্ট নয়, ‘জার্মানির কাছে ওই হারের লজ্জাটা পরিবর্তনের জন্য যথেষ্ট ছিল না। এখন আমরা যদি একবার বিশ্বকাপ খেলতে না পারার লজ্জা পাই, শুধু সেই ট্র্যাজেডিটাই পারে ব্রাজিলকে বদলাতে।’
রিভেলিনো তাই সরাসরিই বলে দিলেন, ‘আমি চাই ব্রাজিল যেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারে। ব্রাজিলিয়ান ফুটবলের ভালোর জন্যই এটা হওয়া দরকার। এ রকম একটা ট্র্যাজেডিই আমাদের নীতিনির্ধারকদের চোখ খুলে দিতে পারে।’ মার্কা।