আরও ১০ বছর খেলতে চান রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন চুক্তির পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে রোনালদো l ছবি রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
নতুন চুক্তির পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে রোনালদো l ছবি রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট

বয়স হয়ে গেছে ৩১। একটু একটু করে ক্যারিয়ারের গোধূলিবেলাও ঘনিয়ে আসছে। তবে ফ্রান্সেসকো টট্টির মতোই হতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। খেলে যেতে চান আরও ১০ বছর। এই ১০ বছরের পাঁচ বছর নিশ্চিতই কাটিয়ে দেবেন রিয়াল মাদ্রিদে। কালই যে রিয়ালের সঙ্গে পাঁচ বছরের জন্য নতুন চুক্তি করেছেন।

একটা সময় সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাওয়ার আভাস দিয়েছিলেন। তবে সেসব অনেক আগেই স্তিমিত, বার্নাব্যুতেই সাত বছর কাটিয়ে দিয়েছেন। আরও পাঁচ বছর কাটালে তাঁর বয়স হবে ৩৬। তবে ৩৬ পেরিয়েও রোনালদো খেলে যেতে চান অনেক দিন, ‘আমি চাই সামনের বছরগুলো উপভোগ করতে। আমার তো মনে হয় আমার সামনে এখনো ১০ বছর আছে।’

নতুন চুক্তি করলেও ক্যারিয়ারের শেষটা রিয়ালে করবেন, সেই নিশ্চয়তা কিন্তু রোনালদো দেননি, ‘আমি চুক্তি বাড়ানোর স্বপ্নপূরণের পর খুবই খুশি। আশা করি, বিশ্বের সেরা ক্লাবের হয়ে আরও অনেক ইতিহাস লিখতে পারব। আর এই মৌসুমটা তো স্বপ্নের মতোই গেছে। তবে ভবিষ্যতে কী হয় কিছুই বলা যায় না। আমি এই ক্লাবেই শেষ করতে চাই, তবে এই চুক্তিটাই আমার শেষ নয়।’

বিগত সাত বছরেই যা করেছেন, তাতে রিয়ালের ইতিহাসে অমরত্ব পেয়ে গেছেন। ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি গোল সিআর-সেভেনের। ৩৬০ ম্যাচে করেছেন ৩৭১ গোল, এই রেকর্ডটা এখন ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যেতে চাইবেন। রিয়ালের হয়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তো রোনালদোমুগ্ধ, তাঁর চোখে পর্তুগিজ ফরোয়ার্ড রিয়ালের এক যুগস্রষ্টা, ‘ক্রিস্টিয়ানো-পূর্ব ও পরবর্তী—এই দুই যুগ হয়ে গেছে। ওর গতিপথটাই এখন একটা যুগ। ক্লাবের সবচেয়ে বড় আইকন, বিশ্বের সেরা ক্লাবের একটা প্রতীক।’

নতুন চুক্তিতে রোনালদো আর্থিকভাবে কতটা লাভবান হচ্ছেন, সেটা নিশ্চিত করে জানা যায়নি। তবে ডেইলি সান-এর দাবি, নতুন চুক্তির পর রোনালদোর বেতন বাকিদের চেয়ে অনেক বেশি হবে। সপ্তাহে ৭ লাখ ১০ হাজার ইউরো পাবেন রোনালদো, যেখানে মেসি পান সাড়ে ৬ লাখ ইউরো। কদিন আগে নতুন চুক্তির পর গ্যারেথ বেলের বেতন হয়েছে সাড়ে ৫ লাখ ইউরো।

তবে রোনালদোর একটা খচখচানি থাকবেই। এই মৌসুমে যে অনেকটাই বিবর্ণ, বার্নাব্যুতে প্রথমবারের মতো টানা পাঁচ ম্যাচে গোল পাননি। তবে রোনালদো তাতে খুব বিচলিত নন, ‘গোল করা না-করা খুব গুরুত্বপূর্ণ নয়। দুই-তিন সপ্তাহ বা মাসের মধ্যেই আমি হয়তো নিজেকে ফিরে পাব।’ এএফপি।