আরও ৩ জনকে পেল শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আশঙ্কা ছিল, আইনি জটিলতায় মালয়েশিয়া-যাত্রায় ১২ জন ফুটবলারের বেশি পাওয়া যাবে না। কিন্তু পরশু ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বিমানে ওঠার আগে যোসেফ নূর, তপু বর্মণ ও জামাল ভূঁইয়াকে পেয়েছেন কোচ শফিকুল ইসলাম মানিক। তবু তো এক ভাঙাচোরা দল শেখ জামাল। এই দল নিয়েই এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে আজ মালয়েশিয়ায় সেলাঙ্গর এফএর মুখোমুখি হবে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। গ্রুপ ‘ই’-তে টানা তিন ম্যাচ হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন অবশ্য শেষ হয়ে গেছে শেখ জামালের। তাই ম্যাচ থেকে কিছু সম্মান নিয়ে ফিরতে পারাই তাদের লক্ষ্য। কাল এএফসির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কোচ শফিকুল ইসলাম বলেছেন, ‘সেলাঙ্গর সব সময়ই শক্তিশালী দল। তার ওপর ঘরের মাঠে খেলবে ওরা। আমাদের জন্য তাই ম্যাচটি খুব কঠিনই হবে।’ পরশু গভীর রাতে বিমানে ওঠে দলটি, কাল ভোরে কুয়ালালামপুর পৌঁছেছে। ভ্রমণক্লান্তি কাটিয়ে ওঠারও সময় পাচ্ছে না শেখ জামাল। এর সঙ্গে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না পাওয়াটাও কোচের জন্য বড় চ্যালেঞ্জ, ‘আমাদের বেশ কয়েকজন ফুটবলার চোটে ভুগছে। ঘরোয়া মৌসুমের দলবদলে বেশ কিছু ফুটবলার দল ছেড়ে গেছে। সুতরাং ম্যাচটি সহজ হবে না আমাদের জন্য।’

ঢাকায় গত মার্চে এই দলটির সঙ্গে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ গোলে হেরেছিল শেখ জামাল। এটাই আত্মবিশ্বাসী করে তুলেছে সেলাঙ্গরের কোচ হাসান জাহিদকে, ‘আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা শুধু ৩ পয়েন্ট পাওয়ার কথাই ভাবছি।’