আরব আমিরাতের বিপক্ষে নির্ভার বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দলের অনুশীলন তখনো শেষ হয়নি। কিন্তু একটু আগেভাগেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলে আসে সংযুক্ত আরব আমিরাত। দলটির কোচ ও সহকারীরা এসে বসলেন ভিআইপি গ্যালারিতে। ব্যাপারটা বুঝতে পেরে বাংলাদেশ কোচ সৈয়দ গোলাম জিলানী এএফসির কর্মকর্তাকে অনুরোধ করলেন তাদের স্টেডিয়ামের বাইরে পাঠাতে। নিজের রণকৌশল আগেভাগে মোটেও বুঝতে দিতে চাননি বাংলাদেশ যুব দলের কোচ।
গত পরশু গ্রুপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। বড় ব্যবধানের হারে সেখানেই শেষ হয়ে গেছে বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা। তারপরও আজ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এতটুকু ছাড় দিতে রাজি নন জিলানী, ‘আমাদের এখন হারানোর কিছু নেই। এই ম্যাচ জিততেই ছেলেরা মাঠে নামবে।’ আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিতে বললেন ছেলেদের, ‘গত ম্যাচের মতো ভুলগুলো যাতে আর না হয় সেই চেষ্টা থাকবে ওদের। সেভাবেই ছেলেদের বুঝিয়েছি।’
সৌদি আরবের সঙ্গে লাল কার্ড দেখে গোলরক্ষক ফয়সাল আহমেদ শুধু নিজেরই নয়, দলেরও সর্বনাশ করেছেন। আজ তাঁর অভাবটা মাঠে ভালোই দেখা যাবে। তবে দলের দ্বিতীয় গোলরক্ষক নূর আলমের ওপরই ভরসা রেখেছেন কোচ, ‘নূরও ভালো গোলকিপার। তবে ফয়সালের বিকল্প কেউ নেই।’
আরব আমিরাতের কোচ আবদুল্লাহ আল শাহিন জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না, ‘প্রথম ম্যাচে গোলরক্ষক লাল কার্ড দেখার আগ পর্যন্ত অসাধারণ ফুটবল খেলেছে বাংলাদেশ। আমরা ওদের সমীহ করছি। তবে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাই আমি।’