আরামবাগ রুখে দিল চট্টগ্রাম আবাহনীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড লিওনেলকে রুখছেন আরামবাগের দুই খেলোয়াড়। ছবি: প্রথম আলো
চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড লিওনেলকে রুখছেন আরামবাগের দুই খেলোয়াড়। ছবি: প্রথম আলো

আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমজমাট খেলা উপহার দিল চট্টগ্রাম আবাহনী ও আরামবাগ ক্রীড়া সংঘ। কিন্তু শেষ পর্যন্ত বন্ধ্যাত্ব কাটাতে পারল না কেউই। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচ।
স্কোরলাইন ড্র বলছে, তবে এই ম্যাচটিতে জয়ের আনন্দই পেতে পারে আরামবাগ। প্রিমিয়ার লিগে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দলটির বিপক্ষে হারতে তো হয়নি! অন্যদিকে আক্রমণের পর আক্রমণ করেও পয়েন্ট হারানোর বেদনা যে চট্টগ্রাম আবাহনীর কাছে পরাজয়-তুল্য। এই ম্যাচটি জিতলে যে শীর্ষে থাকা শেখ জামালের কাঁধে নিঃশ্বাস ফেলতে পারত তারা।

আগের ম্যাচেই রহমতগঞ্জের কাছে ২-০ গোলে হেরেছিল চট্টগ্রাম আবাহনী। আরামবাগের বিপক্ষে জিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যই ছিল যোশেফ পাভলিকের শিষ্যদের। কিন্তু লিওনেল, রুবেল মিয়া, সোহেল রানা, তারিক আল জানাবি কিংবা জাহিদ, মামুনুলদের ব্যর্থতায় লক্ষ্যের চেয়ে দূরেই থাকতে হলো তাদের। ডাগ আউটে দাঁড়িয়ে কোচ পাভলিক হাহুতাশ করে গেলেন ম্যাচের পুরো সময়। কিন্তু সেই হাহুতাশ ছুঁতে পারল না চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ডদের। এলোমেলো শট, প্রতিপক্ষের রক্ষণভাগে গিয়ে খেই হারিয়ে ফেলাই হয়ে থাকা চট্টগ্রাম আবাহনীর খেলার পরিচিত দৃশ্য।

আরামবাগও সুযোগ বুঝে মাঝেমধ্যেই আক্রমণে ঝাঁপিয়েছে। কেস্টর আকন, আবদুল্লাহ, জাফর ইকবাল কিংবা আজই প্রথম মাঠে নামা ব্রাজিলীয় ফুটবলার টাইসন সিলভা আতঙ্ক ছড়িয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর রক্ষণে। গোলের কিছু সুযোগও তৈরি করেছিলের। কিন্তু ম্যাচের ভাগ্য-লেখনীতেই সম্ভবত আজ গোল লেখা ছিল না।