ভিক্টোরিয়ার বিপক্ষে জিতলেই প্রিমিয়ার লিগ—এমন সমীকরণ নিয়ে কাল চ্যাম্পিয়নশিপ লিগে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল মতিঝিল টিঅ্যান্ডটি ক্লাব। কিন্তু কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে দলটি কাল গোলশূন্য ড্র করেছে ভিক্টোরিয়ার সঙ্গে।
প্রশ্নবিদ্ধ রেফারিং, বল বয়ের হাতে প্রতিপক্ষ খেলোয়াড়ের লাঞ্ছিত হওয়া, চারজন ফুটবলারের লাল কার্ড দেখা এবং নিয়মবহির্ভূতভাবে ম্যাচ কমিশনারের পাশে আরামবাগ ক্লাবের সভাপতি মোমিনুল হক সাঈদের বসা নিয়ে স্টেডিয়ামে আসা টিঅ্যান্ডটির সমর্থকেরা প্রশ্ন তুলেছেন। ড্রয়ের পর যেন হারের হতাশায় ডুবে গেছেন টিঅ্যান্ডটির কর্মকর্তা ও খেলোয়াড়েরা।
১৪ ম্যাচে ২৭ পয়েন্ট পাওয়া উত্তর বারিধারা আগেই চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে উঠে গেছে। কাল তাদের সঙ্গী হলো ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া আরামবাগ। তবে এ জন্য তাদের অপেক্ষা ছিল ভিক্টোরিয়া-টিঅ্যান্ডটি এই ম্যাচটির জন্য। এই ম্যাচ টিঅ্যান্ডটি জিতলে আরামবাগের সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে এগিয়ে থাকার সুবাদে তারাই দ্বিতীয় দল হিসেবে উঠে যেত প্রিমিয়ারে। মাঠে গড়ানোর আগে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল কালকের ম্যাচটি নিয়ে। শেষ পর্যন্ত জিততে পারেনি টিঅ্যান্ডটি, ২১ পয়েন্ট নিয়ে হয়েছে তৃতীয়।
জয় দূরে থাক, টিঅ্যান্ডটি কোনো গোলই করতে পারেনি। তাদের স্ট্রাইকার শাহেদ লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। ম্যাচের রেফারি মিজানুর রহমানের দেওয়া কয়েকটি সিদ্ধান্ত মেনে নিতে পারেনি টিঅ্যান্ডটি দল। মাঠেই তারা বারবার প্রতিবাদ জানিয়েছে। ৮৩ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। ওই সময় মাঠে টিঅ্যান্ডটির শাহেদ ও ভিক্টোরিয়ার বিশ্ব হাতাহাতি শুরু করলে ডাগ-আউট থেকে ছুটে আসেন টিঅ্যান্ডটির বল বয় মানিক। গন্ডগোল থামাতে আসা ভিক্টোরিয়ার ফুটবলারদের তিনি মারতে শুরু করেন। পুলিশ ও ভিক্টোরিয়ার কর্মকর্তারা মিলে মানিককে পরে মাঠ থেকে বের করে দেন। তখন বেঞ্চে বসা টিঅ্যান্ডটির দ্বিতীয় গোলরক্ষক জয়ন্ত মারামারি শুরু করেন ভিক্টোরিয়ার ফুটবলারদের সঙ্গে। রেফারি লাল কার্ড দেখান টিঅ্যান্ডটির জয়ন্ত ও স্ট্রাইকার শাহেদকে। লাল কার্ড দেখতে হয় ভিক্টোরিয়ার বিশ্ব ও রিন্টুকে।
চতুর্থ রেফারি ম্যাচের অতিরিক্ত সময় দেখান ১০ মিনিট। কিন্তু প্রধান রেফারি মিনিট তিনেক আগেই শেষের বাঁশি বাজিয়ে দেন! এতে আরও উত্তেজিত হয়ে পড়েন টিঅ্যান্ডটির সমর্থেকরা। ম্যাচ শেষে টিঅ্যান্ডটির কোচ আরমান হোসাইন বললেন, ‘ম্যাচে যা ঘটেছে সবাই দেখেছে। আমাদের নিশ্চিত একটা গোল বাতিল করা হয়েছে অফসাইডের অভিযোগে। শাহেদকে অকারণে লাল কার্ড দেওয়া হয়েছে। রেফারিই আমাদের জিততে দেয়নি।’
এদিকে লিগের শেষ ম্যাচটি জিতেও অবনমন এড়াতে পারেনি ঐতিহ্যবাহী ওয়ারী ক্লাব। কাল তারা ৩-০ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুলকে।