আরামবাগকে ফাইনালে তুললেন আকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন পাড়ার ফুটবল! খেলা শেষ হতেই গ্যালারি টপকে অবলীলায় শয়ে শয়ে আরামবাগের সমর্থকেরা ঢুকে গেলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে! অ্যাথলেটিকস ট্র্যাক ও মাঠের সুবজ ঘাস মাড়িয়ে চলল আনন্দ উদ্‌যাপন। কেউ কেউ খেলোয়াড়দের সঙ্গে সেলফিও তুলতে লাগলেন। গ্যালারি থেকে সমর্থকদের আনা আরামবাগ ক্লাবের পতাকা হাতে সব খেলোয়াড় ও কর্মকর্তা মিলে মাঠে দৌড়ালেন। ট্রফি জয়ের আগেই যেন চ্যাম্পিয়নের আনন্দ সেরে নিল আরামবাগ। এমন আনন্দ তাঁরা করতেই পারেন, ১৫ বছর পর যে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে ক্লাবটি! ২৭ জুন বেলা সাড়ে ৩টায় আরামবাগ মুখোমুখি হবে আগামীকালের আবাহনী-শেখ রাসেল ম্যাচের জয়ী দলের সঙ্গে।
আজ ফেডারেশন কাপের সেমিফাইনালে বিজেএমসিকে ৩-১ গোলে হারিয়েছে এক সময়ের সাড়া জাগানো দল আরামবাগ। জোড়া গোল করেছেন আরামবাগের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার আকন, অন্য গোলটি করেছেন স্থানীয় তরুণ ফরোয়ার্ড জাফর ইকবাল। বিজেএমসির গোলদাতা জিকু।
হেরে গেলেও ম্যাচের প্রথম তিরিশ মিনিট দুর্দান্ত খেলেছে বিজেএমসি। ফাইনালে ওঠার স্বপ্ন দেখতেও শুরু করে ৩৮ মিনিটে জিকুর দেওয়া অসাধারণ গোলে। এলিটা কিংসলের ফ্রি-কিক থেকে পাওয়া বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে আরামবাগ গোলরক্ষক মিতুল হোসেনকে ডজ দিয়ে জিকু এগিয়ে নেন বিজেএমসিকে (১-০)। কিন্তু গোল শোধে মরিয়া আরামবাগকে সমতায় ফেরার সুযোগ করে দেন রেফারি আজাদ রহমান; বিতর্কিত এক পেনাল্টি উপহার দেন আরামবাগকে।
ম্যাচের ৬৪ মিনিটে আরামবাগের মিডফিল্ডার অং থোয়াই চিং বল নিয়ে বক্সের মধ্যে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি নিজেই শংকর দাসের গায়ে ধাক্কা খেয়ে পড়ে যান। এরপরই ওই পেনাল্টির সিদ্ধান্ত। পেনাল্টি থেকে আরামবাগকে সমতায় ফেরান আকন (১-১)। আরামবাগকে স্বপ্নের ফাইনালে তুলতে ৬৯ মিনিটে আবারও গোল করেন ওই আকন (২-১)। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বিজেএমসির গোলরক্ষক আরিফুজ্জামান হিমেলের মাথার ওপর দিয়ে আকন বল তুলে দেন জালে।
দুর্ভাগ্যই বলতে হবে বিজেএমসির, ৭৩ মিনিটে পেনাল্টি পেয়েও সেটি থেকে তারা গোল করতে পারেনি। স্যামুয়েল অ্যাডামসের শট সাইড পোস্টে লেগে চলে যায় বাইরে। ম্যাচের শেষ বাঁশি বাজার মুহূর্তে বিজেএমসির জালে তৃতীয় গোলটি দেন জাফর ইকবাল।
হারের সঙ্গে বিজেএমসি আরেকটি দুঃসংবাদ পেয়েছে। বলের পেছনে ছুটতে গিয়ে অ্যাথলেটিকস ট্র্যাকে পড়ে মারাত্মক আহত তাদের ফরোয়ার্ড এলিটা কিংসলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।