আরামবাগকে সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই আভাস পাওয়া যাচ্ছিল, শাস্তি এড়াতে পারবে না আরামবাগ ক্রীড়া সংঘ। বাফুফে ভবনে সন্ত্রাসী হামলা এবং চ্যাম্পিয়নশিপ লিগের সময় মাঠে সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে আপাতত ফুটবলের সব কার্যক্রম থেকে বাফুফে ক্লাবটিকে সাময়িক নিষিদ্ধ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফুটবল-সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে তাদের অংশ নিতে দেওয়া হবে না।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘আমরা আপাতত এই সিদ্ধান্ত নিয়েছি। তবে ২৮ ডিসেম্বর কার্যনির্বাহী কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ আরামবাগের সন্ত্রাসী কর্মকাণ্ডের জেরে স্থগিত রাখা চ্যাম্পিয়নশিপ লিগের খেলা আবারও শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। আজ থেকে সব খেলা ‘বডিলি শিফট’ হয়ে শুরু হবে। চ্যাম্পিয়নশিপ লিগের স্থগিত হওয়া মধ্যবর্তী দলবদলেরও নতুন তারিখ ঘোষণা করেছে বাফুফে। ২৭ ডিসেম্বর শুরু দলবদল চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।