আরামবাগের প্রতি 'ক্ষমাশীল' বাফুফে
গত ২২ ডিসেম্বর চ্যাম্পিয়নশিপ লিগে বাংলাদেশ পুলিশ দলের সঙ্গে ম্যাচ শেষে বাফুফে ভবন ভাঙচুর করেছিল আরামবাগের একদল সমর্থক। শাস্তি হিসেবে দলটিকে ৩০ লাখ টাকা জরিমানা করে বাফুফে। জরিমানার টাকা শোধ না করা পর্যন্ত দলটির মাঠে ফেরার ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল। আরামবাগের আপিলের ভিত্তিতে বাফুফের সিদ্ধান্ত স্থগিত করেন আদালত। বাফুফের আপিলে চেম্বার বিচারপতি সেই স্থগিতাদেশ তুলে নিলে আরামবাগের মাঠে নামার ওপর আবার নিষেধাজ্ঞা জারি হয়।
ঘটনার ধারাবাহিকতায় জরিমানা কমানোর আবেদন জানিয়ে পরশু বাফুফের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে আরামবাগ। কাল বাফুফের নির্বাহী কমিটি সেই আবেদেন সাড়া দিয়ে ১৫ লাখ টাকা জরিমানা কমিয়ে দিয়েছে আরামবাগকে। ১০ লাখ টাকা নাকি আরামবাগ ক্ষমা চাওয়া চিঠির সঙ্গে জমাও দিয়েছে ফেডারেশনে। আইনি প্রক্রিয়া থেকেও সরে আসার প্রতিশ্রুতি দিয়েছে আরামবাগ। সেই পরিপ্রেক্ষিতে গতকাল আরামবাগকে চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচ খেলতে দেওয়া হয়েছে। অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচটি জিতে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দলটি এখন লিগে দ্বিতীয় স্থানে।