আরিফের 'ভ্রাম্যমাণ' জিম

টিম হোটেলে তাঁর কক্ষে ঢুকেই দৃষ্টি কাড়ল ভিন্ন একটা ছবি। আরিফুল ইসলাম ‘ভারোত্তোলক’ হয়ে গেলেন নাকি। ওজন তোলার সরঞ্জাম তাঁর কক্ষে!
রহস্যটা ভেদ করতে সময় লাগেনি। এটি আরিফের ফিটনেস প্রশিক্ষণেরই অংশ। কিন্তু অবাক হতে হলো, এই ওজন ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে এসেছেন ঢাকা আবাহনীর অধিনায়ক। দেশের মধ্যে যেখানেই খেলতে যান, ২৫ কেজি ওজনের বারবেল সেটটিও সঙ্গে নেন।
বিদেশে এটি নেওয়ার সুযোগ নেই, তাই ছোটখাটো সরঞ্জাম তখন তাঁর সঙ্গী হয়। সে রকম অ্যাঙ্কেল ওয়েটসহ আরও কিছু সরঞ্জাম তাঁর কক্ষজুড়ে ছড়ানো। আরিফ এগুলো দিয়ে হোটেল কক্ষটাকে একটি ভ্রাম্যমাণ ‘জিম’ বানিয়ে ফেলেছেন!
এসব নিয়ে কথা বলার ফাঁকে রুমমেট ওয়ালী ফয়সাল রীতিমতো লাফ দিয়ে উঠলেন পাশের বিছানা থেকে, ‘আর বলবেন না, ও এসব নিয়ে দেশের বাইরেও যায়, আর এটা নিয়ে কদিন আগে বিপদ হয়েছে আমার!’ ঘটনা হলো, গত মে মাসে জাতীয় দলের সর্বশেষ তাজিকিস্তান সফর শেষে ওই বিপত্তি। দুবাই বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে ঢাকার বিমানে ওঠার সময় ওয়ালী প্রায় ফ্লাইট মিসই করতে বসেছিলেন!
এ নিয়ে বিমানবন্দরে হুলুস্থুল সেই কাণ্ডের বর্ণনা দিলেন ওয়ালী, ‘ট্রানজিটের সময় ওর ব্যাগ স্ক্যান করে আমাকে আটকে দেওয়া হলো। আরিফসহ ১৪ জনের ব্যাগের ট্যাগ আমার টিকিটের সঙ্গে। ফাঁসলাম আমি। আরিফের ব্যাগে ছিল ওয়েট ট্রেনিংয়ের সরঞ্জাম। তখন ফ্লাইট ছাড়ে ছাড়ে। শেষমেশ ওরা গোটা লাগেজ খুলে দেখে আমাকে ছাড়ল।’
এ নিয়ে হাসি-ঠাট্টার একপর্যায়ে কক্ষে এলেন শেখ রাসেলের চোটগ্রস্ত ফরোয়ার্ড কোমল। আরিফের সরঞ্জাম দিয়ে অনুশীলন করেন তিনি। কোমল জানেন এটির অপরিহার্যতা, ‘একবার ইনজুরি হওয়া মানে জীবন শেষ। তাই চেষ্টা করি সব সময় এই ওয়েট ট্রেনিংটা করতে।’ আরিফের কক্ষে এসে আরও দু-তিনজন এগুলো ব্যবহার করেন। তবে সবাই আগ্রহী নন।
ফিটনেস নিয়ে বাংলাদেশের ফুটবলারদের মধ্যে এমন উদাসীনতাই বেশি। তাঁরা বাড়তি অনুশীলন করেন না। তাই লোকে এখনো আসলাম-মুন্নাদের উদাহরণ টানেন। এই ফুটবলাররা কঠোর অনুশীলন করতেন নিজেদের ফিট রাখতে। আজকাল ফুটবলারদের মধ্যে সেটা হারিয়ে গেছে। এখানেই আরিফ আলাদা। নিজেই দিলেন একটা তথ্য, ‘যত সমস্যাই থাকুক, আমি জিমে যাবই। চট্টগ্রামে এসে ৫০০ টাকা করে কয়েকবার জিম করেছি।’
আরিফের এই কঠোর পরিশ্রমের মানসিকতা ভালো লাগে ওয়ালীর, ‘ও খুব শক্ত মানসিকতার। আমাদের মধ্যে অনেকেই আলসেমির কারণে জিম করে না। ও নিয়মিতই এটা করে।’ ফিটনেস সচেতনতা তাঁর ছোট থেকেই। শৈশবে ঈদের দিন দুপুরে কড়া রোদেও নাকি দৌড়াতেন। আরিফ পরিশ্রমের ফল ঠিকই পেয়েছেন। জাতীয় দলের রক্ষণে অন্যতম প্রহরী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বেশ আগেই।
কিন্তু অতিরিক্ত অনুশীলন নাকি তাঁর ক্ষতিও করেছে। তিনবার চোটে পড়ে অনেক দিন মাঠের বাইরে ছিলেন। কেউ পাশে দাঁড়ায়নি, খেলাবিহীন জীবনে জমানো টাকা থেকে ২১ লাখ খরচ হয়ে গেছে চোট সারানোর পেছনে। বাংলাদেশের অনেক ফুটবলার শুধু অর্থের পেছনেই ছোটেন। কিন্তু নিজেকে ফিট রাখতে পারেন না বলে বারবার চোটে পড়েন। এর বড় কারণ খাদ্যাভাস, অজ্ঞতা ও উদাসীনতাও।
‘ভ্রাম্যমাণ জিম’ খুলে আরিফ অন্তত ওজন প্রশিক্ষণের ব্যাপারে সবার চোখ খুলে দিলেন। এখন যদি তাঁকে দেখে কিছু শেখে তরুণ বা ফাঁকিবাজ ফুটবলাররা!