আরেক ভিনিসিয়ুসের দিকে চোখ রিয়ালের
রিয়াল মাদ্রিদের ব্রাজিলপ্রীতি আজকের নয়।
বিশেষ করে সেই ২০১৩ সালে নেইমারকে পাওয়ার লড়াইয়ে বার্সেলোনার কাছে হারার পর পাঁচবারের বিশ্বকাপজয়ী দেশটা থেকে নতুন প্রতিভা উঠে এলেই রিয়াল তাঁকে পাওয়ার চেষ্টা করতে থাকে। যে চেষ্টার কারণেই আকাশছোঁয়া দামে লস ব্লাঙ্কোসদের শিবিরে এসেছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও রেইনিয়েরের মতো তরুণ প্রতিভারা। কিছুদিন আগে শোনা গেল আরেক ব্রাজিলিয়ান প্রতিভা এনদ্রিকের কথা, পালমেইরাসের যে ফরোয়ার্ডকে দলে আনার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল।
তবে ব্যাপারটা এমন নয় যে ভিনিসিয়ুস-রদ্রিগোদের আগে রিয়ালে কোনো ব্রাজিলিয়ান তারকা খেলেননি। রোনালদো নাজারিও থেকে শুরু করে কাকা, রবার্তো কার্লোস, এমারসন, দানিলো, হুলিও বাপতিস্তা, রবিনিও—রিয়ালের সাদা জার্সি গায়ে চড়িয়েছেন অনেকেই। এমনকি বর্তমান দলেও ভিনিসিয়ুস-রদ্রিগো ছাড়া খেলছেন মার্সেলো, কাসেমিরো, এদের মিলিতাওরা। কিন্তু নেইমারকে বার্সেলোনার কাছে হারানোর পর কিছুটা অপরিপক্ব তরুণ প্রতিভাদের রিয়ালে আসার হারটা বেড়েছে যেন, তা-ও চড়া মূল্যে।
এমন আরেক ব্রাজিলিয়ান প্রতিভার দিকে নজর পড়েছে রিয়ালের। কাকতালীয়ভাবে এ প্রতিভার নামও ভিনিসিয়ুস। সম্পূর্ণ নাম ভিনিসিয়ুস তোবিয়াস। তবে ভিনিসিয়ুস জুনিয়রের মতো আক্রমণভাগে খেলেন না এই ভিনিসিয়ুস। তাঁর খেলার জায়গা রক্ষণ। ইউরোপের দলবদল-বিষয়ক নির্ভরযোগ্য বেশ কিছু সাংবাদিক জানিয়ে দিয়েছেন, ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক থেকে এই ১৮ বছর বয়সী রাইটব্যাককে এর মধ্যেই দলে ভিড়িয়েছে রিয়াল, যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বহুদিন ধরেই দানি কারভাহালের যোগ্য বিকল্প খেলোয়াড় হিসেবে রিয়ালের বেঞ্চে কাউকে দেখা যাচ্ছিল না। আশরাফ হাকিমিকে রিয়াল বিক্রি করে দিয়েছে, আলভারো ওদ্রিওসোলাও নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। যে কারণে কারভাহাল না খেললে লুকাস ভাসকেজকে দিয়ে কাজ চালিয়ে নেন কোচ কার্লো আনচেলত্তি। যে ভাসকেজ মূলত একজন উইঙ্গার কিংবা কখনো কখনো এদের মিলিতাও বা নাচো ফার্নান্দেজের মতো সেন্টারব্যাককেও দেখা যায় রাইটব্যাক হিসেবে খেলতে।
ভিনিসিয়ুস তোবিয়াস আসার ফলে কাগজে-কলমে সে সমস্যা থাকছে না। কারভাহাল কোনো ম্যাচে না খেলতে পারলে বেঞ্চে বিকল্প হিসেবে থাকবেন এই নতুন ভিনিসিয়ুস।
ইউক্রেনে যুদ্ধ চলার কারণে কিছুদিন আগে ফিফা ঘোষণা দিয়েছিল, ইউক্রেন আর রাশিয়ায় যেসব বিদেশি খেলোয়াড় খেলেন, তাঁরা চাইলে এ মৌসুমের শেষ পর্যন্ত নিজ নিজ ক্লাবের সঙ্গে চুক্তি স্থগিত করে এই কয় মাস অন্য দেশের ক্লাবে গিয়ে খেলতে পারবেন। তিন মাস পর পরিস্থিতি শান্ত হলে আবারও রাশিয়া ও ইউক্রেনের নিজ নিজ ক্লাবে ফেরত যাবেন তাঁরা। ফলে এই তিন মাস ওই বিদেশি খেলোয়াড় ও কোচরা ‘ফ্রি এজেন্ট’ হিসেবে বিবেচিত হবেন।
তাঁদের খেলানোর জন্য আগ্রহী ক্লাব পূর্ববর্তী ক্লাবকে কোনো দলবদল ফি দেবে না এবং এর জন্য পূর্ববর্তী ক্লাব কোনো শাস্তির আবেদনও করতে পারবে না। তবে ১৮ বছরের কম বয়সী খেলোয়াড়েরা এ নিয়মের আওতায় পড়বে না। ভিনিসিয়ুস তোবিয়াসকে দলে নেওয়ার ব্যাপারে এ নিয়মেরই সদ্ব্যবহার করেছে রিয়াল।
আপাতত মৌসুম শেষ হওয়ার আগপর্যন্ত রিয়ালে ধারে খেলবেন এই রাইটব্যাক। এরপরই ১ কোটি ৮০ লাখ ইউরোর বিনিময়ে আগামী পাঁচ বছরের জন্য পাকাপাকিভাবে রিয়ালের হয়ে যাবেন তিনি, এমনটাই জানিয়েছে রিয়াল মাদ্রিদভিত্তিক বেশ কিছু ক্রীড়াদৈনিক।
আপাতত মূল একাদশের হয়ে লিগ ম্যাচ খেলতে পারবেন না ভিনিসিয়ুস। কারণ, ইউরোপীয়ান ইউনিয়নের সদস্য নয়, এমন দেশের সর্বোচ্চ তিনজন খেলোয়াড় লিগ স্কোয়াডে রাখতে পারবে রিয়াল। স্কোয়াডের যে তিন জায়গা আপাতত ভিনিসিয়ুস জুনিয়র, কাসেমিরো ও এদের মিলিতাওর দখলে আছে। তবে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে কোনো সমস্যা হবে না ভিনিসিয়ুস তোবিয়াসের। কারণ, যুদ্ধের কারণে রাশিয়া ও ইউক্রেন থেকে আসা নতুন খেলোয়াড় অন্য ক্লাবের হয়ে যেন নিবন্ধিত হতে পারেন, সে সুযোগ করে দিয়েছে উয়েফা।
তবে এর আগে ব্রাজিল থেকে রিয়ালে যতগুলো রাইটব্যাক এসেছেন, কেউই তেমন আলো ছড়াতে পারেননি। এফসি পোর্তো থেকে আসা দানিলো, সাও পাওলো থেকে আসা সিসিনিও ও ভিতোর, রিও আভে থেকে আসা ফাবিনিও—কেউ রিয়ালের জার্সি গায়ে তেমন কিছু করে দেখাতে পারেননি। ভিনিসিয়ুস তোবিয়াস যেন সেই তালিকার পরবর্তী সংযোজন না হন, এখন সে আশাই করতে পারে রিয়াল!