আরেক মালদিনি এসে গেছে এসি মিলানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলানের হয়ে অভিষেক হয়েছে দানিয়েল মালদিনির। ছবি : এএফপি
মিলানের হয়ে অভিষেক হয়েছে দানিয়েল মালদিনির। ছবি : এএফপি
দাদা সেজারে মালদিনি ও বাবা পাওলো মালদিনি— দুজনই কিংবদন্তি। পূর্বসূরিদের দেখানো পথে এবার যাত্রা করা শুরু করলেন দানিয়েল মালদিনি। গতকাল হেলাস ভেরোনার বিপক্ষে অভিষেক হয়েছে মালদিনি পরিবারের


একটা পরিবারের সঙ্গে কোনো ফুটবল ক্লাবের সম্পর্ক যে কতটা গভীর হতে পারে, সেটি মালদিনি পরিবারের দিকে তাকালেই বোঝা যায়।

সেজারে মালদিনিকেই দেখুন। ভদ্রলোক মিলানের হয়ে খেলেছেন এক যুগ। শুধু তাই নয়, তিনিই মিলানের প্রথম অধিনায়ক, যিনি কি না সর্বপ্রথম দলটার হয়ে ইউরোপিয়ান কাপ (এখনকার চ্যাম্পিয়নস লিগ) জিতেছেন। মিলানের হয়ে ৪১২টি ম্যাচ খেলে লিগও জিতেছেন চার বার। পরে ম্যানেজার হয়েও মিলানের সঙ্গে সম্পর্কটাকে দীর্ঘস্থায়ী করেছেন। দুই দফা ম্যানেজার ছিলেন মিলানের, জিতেছেন দুটি ট্রফি। ইতালি জাতীয় দলের কোচও হয়েছিলেন তিনি। দল নিয়ে গেছেন বিশ্বকাপেও।

এরপর এলেন পাওলো মালদিনি। সেজারে মালদিনির ছেলে। খেলোয়াড় হিসেবে তিনি বাবার কীর্তিও ছাড়িয়ে গেলেন। এখনো তর্কযোগ্যভাবে পাওলো মালদিনিকে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠতম ডিফেন্ডার বলা হয়। কি লেফটব্যাক, কি সেন্টারব্যাক, দুই ভূমিকাতেই পাওলো ছিলেন সফল। খেলোয়াড় হিসেবে সোয়া শতাব্দী এই মিলানেই কাটিয়ে দিয়েছেন, খেলেছেন ৯০২টি ম্যাচ। এখন আছেন ক্লাবের পরিচালক হিসেবে। ক্লাবের হয়ে লিগ জিতেছেন সাতবার, চ্যাম্পিয়নস লিগ পাঁচবার। সুপারকোপা, কোপা ইতালিয়া, উয়েফা সুপার কাপ— এসব তো আছেই। জাতীয় দলের জার্সিতে পাওলো তো নিজেই এক ইতিহাস।

সেজারে আর পাওলোর পর এবার মিলানের মূল দলে আগমন ঘটেছে দানিয়েল মালদিনির। গতকাল হেলাস ভেরোনার বিপক্ষে ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। নব্বই মিনিটে স্যামু কাস্তিয়েহোর বদলি হিসেবে নেমেই গড়েছেন ইতিহাস। ২০০৯ সালে পাওলোর অবসরের প্রায় এক যুগ পর মিলানের মূল দলের জার্সি গায়ে দিলেন পাওলো মালদিনির ছেলে।


তবে বাবা আর দাদার সঙ্গে একটু পার্থক্য আছে দানিয়েলের। পূর্বসূরিরা গোল আটকানোর কাছে ব্যস্ত থাকলেও দানিয়েল বেছে নিয়েছেন গোল বানিয়ে দেওয়ার কাজ। অ্যাটাকিং মিডফিল্ডার তিনি। বড় ভাই ক্রিস্টিয়ান ফুটবলার হিসেবে এখনো তেমন সফল হননি, ফলে মিলানের মূল দলে খেলা হয়নি। এরই মধ্যে বড় ভাইকে টেক্কা দিয়ে ফেলেছেন দানিয়েল। তবে অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারেননি দানিয়েল। ভেরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মিলান।


স্বাভাবিকভাবেই বাবা-দাদার পদাঙ্ক অনুসরণ করে গর্বিত দানিয়েল, ‘স্বপ্নের মতো অভিষেক হয়েছে। ফলাফল নিয়ে যদিও সন্তুষ্ট নই আমি। ছোটবেলা থেকেই নিজেকে এই লক্ষ্যটা বেঁধে দিয়েছিলাম, মিলানের হয়ে খেলার। আশা করি আমি ভালো খেলা চালিয়ে যেতে পারব।’

‘মালদিনি’ নামে আরও এক তারকাকে পেলে ফুটবল দুনিয়া খুশিই হবে!