আরেক শিরোপার সামনে দাঁড়িয়ে প্রতিপক্ষ নিয়ে যা বললেন মেসি
লড়াইটা নিঃসন্দেহে মুখরোচক। আর্জেন্টিনা বনাম ইতালি। মাঠের এক প্রান্তে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন, অন্য প্রান্তে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। ওয়েম্বলিতে কাল অনুষ্ঠিত হবে এ ম্যাচ।
প্রস্তুতি নেওয়ার ফাঁকে এই ম্যাচ নিয়ে কথা বলেছেন লিওনেল মেসি। সে কথায় অবশ্য ইতালির কষ্ট বাড়বে। আর্জেন্টাইন তারকা বলেছেন, কাতার বিশ্বকাপে ইতালিকে ফেবারিট ধরা হতো।
কাতার বিশ্বকাপ? ইতালির জন্য দগদগে ঘা। কাতার বিশ্বকাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। মেসি কথাটা ইতিবাচক অর্থে বললেও ইতালি যে বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি, এ কথায় সে ঘায়েই তো অনিচ্ছাকৃতভাবে হলেও আরেকবার খোঁচানো হয়। তাতে ইতালির সমর্থকদের মন খারাপ হবেই। তবে ওয়েম্বলির ‘লা ফিনালিসিমা’ প্রসঙ্গে ইতালির বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া নিয়েই বেশি কথা বলেছেন পিএসজি তারকা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘ম্যাচটা দারুণ হবে! ওরা ইউরোপের চ্যাম্পিয়ন। বিশ্বকাপে থাকলে ফেবারিট ধরা হতো। দুর্ভাগ্য যে খেলার সুযোগ পায়নি। ফুটবলীয় কারণেই তারা বাদ পড়েছে। বিশ্বকাপের ড্রয়ে কেউ তাদের মুখোমুখি হতে চাইত না।’ ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।
দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার ম্যাচকে ‘লা ফিনালিসিমা’ বলা হলেও একসময় এই ম্যাচের নাম ছিল আর্তেমিও ফ্রাঞ্চি কাপ। এটি একটি অফিশিয়াল প্রতিযোগিতা, যা ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল বন্ধুত্বের অংশ হিসেবে যৌথভাবে আয়োজন করেছে এর আগে।
১৯৮৫ সালে তখনকার ইউরো চ্যাম্পিয়ন ফ্রান্স এবং কোপা আমেরিকাজয়ী উরুগুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে এ প্রতিযোগিতা মাঠে গড়ায়। এরপর ১৯৯৩ সালে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ডেনমার্ক। তখন আর্জেন্টিনা ছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং ডেনমার্ক ইউরো জিতেছে। ২৯ বছর বিরতির পর আবারও এ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন। মেসি জানান, তিনি এ ম্যাচ জিততে চান।
সংবাদমাধ্যমটিকে পিএসজি ফরোয়ার্ড বলেছেন, ‘তাদেরও একই রকম মনে করা উচিত। অর্থাৎ জেতার জন্য মাঠে নামা উচিত। এটা তো অফিশিয়াল ম্যাচ, যা আয়োজন করছে ফিফা। খেলোয়াড়েরা ভক্ত ও দেশের জন্য নিজেদের ঝুলিতে আরেকটি কাপ যোগ করতে চায়।’ ইতালির বিপক্ষে ১৯৮৭ সাল থেকে হারেনি আর্জেন্টিনা। ইংল্যান্ডে ২০১৮ সালে সর্বশেষ মুখোমুখিতে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
তবে ইতালিকে নিয়ে কথা বলতে গিয়ে মেসি ঘুরেফিরে তাঁদের বিশ্বকাপে অনুপস্থিতির প্রসঙ্গই বেশি টানলেন, ‘এটা অবিশ্বাস্য যে ওরা ইউরো জিতলেও বিশ্বকাপে নেই। আবারও বাদ পড়ল বিশ্বকাপ থেকে। অর্থাৎ বিশ্বকাপের সঙ্গে ইতালির সম্পর্কটা লজ্জার।’