আরেকটি আইসল্যান্ড-রূপকথা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিক পুরাণের কথা, কল্পলোকের নায়ক প্রমিথিউস সূর্যের কাছ থেকে মর্ত্যের মানুষের জন্য আগুন নিয়ে এসেছিলেন। সিগুর্ডসনদেরও তো আজ ‘কল্পনার নায়কদের’ কাছ থেকে জয় ছিনিয়ে আনতে হবে। ইংলিশ ফুটবলকে ধ্রুবতারা করেই আইসল্যান্ড আজ চমকে দিচ্ছে সবাইকে, সেই ইংল্যান্ডকে হারানোর জন্যই এখন তাদের ছক কষতে হচ্ছে!

এমনিতে ধারেভারে দুই দলের মধ্যে তুলনাই চলে না। এখনো ফুটবলের কুলীন দল ইংল্যান্ড, আর আইসল্যান্ড তো এই প্রথম কোনো বড় টুর্নামেন্ট খেলছে। দ্বীপদেশের জনসংখ্যা মাত্র তিন লাখ ৩০ হাজার, লেস্টারের মতো ইংল্যান্ডের মাঝারি শহরেই এর সমান লোক থাকে। দুই দলের সর্বশেষ দেখায় ইংল্যান্ড জিতেছে ৬-১ গোলে। যেকোনো হিসাবেই আজকের ম্যাচটা একপেশে হওয়ার কথা। ‘সব আইসল্যান্ডিকই ইংলিশ ফুটবলের নিয়মিত দর্শক’—আইসল্যান্ডের অধিনায়ক অ্যারন গুনারসনের এই কথাতেই পরিষ্কার, ইংলিশ ফুটবলের কতটা একনিষ্ঠ অনুসারী আইসল্যান্ডের মানুষ। তাদের কাছে ইংল্যান্ডের মুখোমুখি হওয়াটাই তো সৌভাগ্যের! কিন্তু ম্যাচটা জমতে পারে, এমন একটা ধারণা তাহলে বাতাসে ভাসছে কেন?

ছয় বছর আগেও ফিফা র‍্যাঙ্কিংয়ে এক শর বাইরে আইসল্যান্ড এবার যা করেছে, তাতেই এমন ধারণার পালে লাগছে জোর হাওয়া। ইউরোতে প্রথমবার এসেই তারা প্রথম ম্যাচে ড্র করেছে পর্তুগালের সঙ্গে। শেষ ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে দ্বিতীয় হয়ে পা রেখেছে পরের পর্বে। ইংল্যান্ডও গ্রুপে দ্বিতীয় হয়ে উঠেছে শেষ ষোলোয়। আইসল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের ব্রাকেটবন্দী হওয়াটা কি মানায়? তিন ম্যাচের দুটিতে ড্র তাদের জন্য তো ‘ব্যর্থতাই’। গুনারসন এখানেই ইংল্যান্ডের দুর্বলতা দেখে তাদের প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন, ‘আমরা সবাই ইংলিশ খেলোয়াড়দের খুব ভালোভাবে চিনি। তাদের ধরনটাও জানি। আশা করি, ওদের আজ আমরা বোতলবন্দী করে রাখতে পারব।’

এই ম্যাচে আইসল্যান্ডের হারানোর আছে সামান্য, পাওয়ারই আছে বেশি। আইসল্যান্ড মিডফিল্ডার এলমার বিনারসন অবশ্য তাঁর অধিনায়কের চেয়ে একটু বেশিই আক্রমণাত্মক, ‘আমরা ইংল্যান্ডের সঙ্গে ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি, এখনই উদ্‌যাপন শুরু করে দিচ্ছি না।’

ইংল্যান্ডের জন্য ম্যাচটা শুধুই হারানোর, হজসনের জন্য আরও বেশি। এই ম্যাচে হারলেই বিদায়ঘণ্টা বেজে যেতে পারে ইংলিশ কোচের। ইংলিশ সংবাদমাধ্যমে সেটা নিয়ে চলছে গুঞ্জন। ম্যাচের আগে হজসনের ওপর বাড়তি চাপ হয়ে দাঁড়াচ্ছে না তো? এএফপি, রয়টার্স।

লটারিতে নির্ভর

ইউরোতে ইংল্যান্ডের গত চারটি নকআউট ম্যাচই গড়িয়েছে টাইব্রেকারে

আজকের খেলা 

ইতালি–স্পেন

রাত ১০টা

ইংল্যান্ড–আইসল্যান্ড

রাত ১টা