আরেকটি ফাইনাল হার বইতে পারবে না আর্জেন্টিনা!

কী হবে কাল? ঘুচবে আর্জেন্টিনার দীর্ঘ অপেক্ষা? নাকি আবারও হতাশ হয়ে ফেরা? জেরার্ডো মার্টিনো ভাবতেই পারছেন না ফাইনালে আর্জেন্টিনার আরও একটি হার। আরও একটি ফাইনালে হার মানেই তো আরও একটি স্বপ্নভঙ্গ, আরও একরাশ কষ্ট, আশাভঙ্গের বেদনা। আর্জেন্টাইন কোচের প্রার্থনা—এমন কিছু যেন সোমবার আর্জেন্টাইনদের জীবনে না আসে। আরও একটি ফাইনালে হারের যে ভার বহন বেশ কঠিনই হয়ে যাবে তাদের জন্য।
২৩ বছর বড় কোনো প্রতিযোগিতায় শিরোপা নেই আর্জেন্টিনার। ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে শেষবারের মতো বিশ্বজয়ের পর ’৯৩-এ ম্যারাডোনার জামানার কোপাতেই সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
মাঝখানে অনেকগুলো বন্ধ্যা বছর। লিওনেল মেসি নামের আরও এক জাদুকর ম্যারাডোনার উত্তরসূরি হয়ে আবারও স্বপ্ন দেখাচ্ছেন আর্জেন্টিনাকে। কিন্তু গত দুই বছর ধরে সেই স্বপ্নেরও অপমৃত্যু হয়েছে করুণভাবেই।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে উঠে যাওয়ার পর আর্জেন্টাইনরা স্বপ্ন দেখেছিল বিশ্বজয়ের। কিন্তু জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে সেই স্বপ্নের সমাধি হয়। গত বছর, ২০১৫ সালে কোপা আমেরিকার ফাইনালে আবারও স্বপ্নভঙ্গ। এবার চিলির বিপক্ষে টাইব্রেকারের হৃদয় ভেঙে দেওয়া হার। ফাইনাল কী তবে আর্জেন্টিনা কিংবা মেসির জন্য নয়!
মার্টিনোর স্বপ্ন, এবারের শতবর্ষী কোপার ফাইনালে জিতে আগের দুঃখগুলো মুছে দেবে তাঁর দল, ‘আমাদের একমাত্র চিন্তা ফাইনালটি জেতা। মানুষ জিততে চায়। খেলোয়াড়েরা জিততে চায়। সবাই চায়। সে কারণেই গত কোপার ফাইনালের ফলটা এবারের ফাইনালে বদলে দিতে চাই আমরা। আমরা জেতার জন্য নিজেদের সর্বোচ্চটাই উজাড় করে দিকে চাই।’
ফাইনাল হারের ব্যাপারটি মাথাতেও আনতে চান না মার্টিনো, ‘আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে আরও একটি ফাইনাল না হারা।’
গত দুটি ফাইনালের হার যে আর্জেন্টিনা দলের ওপর বিরাট চাপ হয়ে বসেছে, সেটাও স্বীকার করেছেন মার্টিনো, ‘ফাইনালটা মনোযোগ দিয়ে খেলার চেয়েও পরপর দুটি ফাইনালে হারের বোঝা মাথা থেকে নামানোটাই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
মেসিকেই জাদুকরী কিছু করতে হবে আবার। কিন্তু মেসিকে আটকে রাখার মধ্যেই যেন আর্জেন্টিনার সবকিছু শেষ না হয়ে যায়। এটাও কিন্তু চান মার্টিনো। মেসিকে এবার অন্য রকম লাগছে। মনে হচ্ছে চাপমুক্ত হয়ে খেলছেন। এই চাপমুক্ত হয়ে থাকাটা ফাইনালেও ভীষণ জরুরি। মার্টিনো বলেছেন, ‘জাতীয় দলের হয়ে ও কিন্তু অনেক দিন ধরেই দারুণ খেলে যাচ্ছে। খুব বেশি ভালো পারফরম্যান্স যদি নাও থাকে, ও কিন্তু অনেক ইতিবাচক পারফরম্যান্স দিয়েছে আমাদের। তবে আমরা খুব বেশি কিছু পরিবর্তন করিনি। এই দলের বেশির ভাগ খেলোয়াড়ের সঙ্গে ও অনেক দিন ধরে খেলছে। এটাই ওকে নির্ভার রেখেছে, ও দারুণ অবস্থাতেও আছে।’ সূত্র : এএফপি।