আরেকটি রেকর্ডের সামনে রোনালদো

রেকর্ডটা যে একদিন ক্রিস্টিয়ানো রোনালদোরই হবে, তা নিয়ে কোনো সংশয়ই নেই। সেই দিনটা আজই কি না সেটাই দেখার।
গত শনিবার এসপানিওলের জালে একাই ৫ গোল করে লা লিগায় রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ২৩০ গোল করে রোনালদো পেছনে ফেলেছেন রাউল গঞ্জালেসকে (২২৮ গোল)। তবে সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এখনো রাউলের (৩২৩ গোল) অধিকারে। ৩২১ গোল নিয়ে তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন রোনালদো। লা লিগায় আজ গ্রানাডার বিপক্ষে দুই গোল করলেই রোনালদো চলে আসবেন রাউলের পাশে, হ্যাটট্রিক করলে ছাড়িয়ে যাবেন সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারকে।
এসপানিওলের বিপক্ষে ৫ গোলের পর চ্যাম্পিয়নস লিগেও শাখতার দোনেৎস্কের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রোনালদো। রিয়ালের হয়ে সর্বশেষ দুই ম্যাচে যাঁর ৮ গোল, তাঁর জন্য আজ রাউলকে ছুঁয়ে ফেলা কিংবা ছাড়িয়ে যাওয়া কি খুব কঠিন কিছু? সঙ্গে অনুপ্রেরণা হিসেবে থাকছে গ্রানাডার বিপক্ষে গত মৌসুমের পারফরম্যান্স। এ বছর এপ্রিলেই বার্নাব্যুতে গ্রানাডার বিপক্ষে সর্বশেষ সাক্ষাতে রিয়াল মাদ্রিদ জিতেছিল ৯-১ গোলে, রোনালদো একাই করেছিলেন ৫ গোল! গ্রানাডার সঙ্গে এ পর্যন্ত ৮ ম্যাচ খেলে করেছেন ১১ গোল। বার্নাব্যুতে দর্শক আজ রোনালদোর আরেকটি রেকর্ড উদ্যাপনের প্রস্তুতি নিয়ে মাঠে যেতেই পারেন!
একটা জায়গায় অবশ্য শুধু রাউল নন, রিয়ালের সব কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। ৩২৩ গোল করার জন্য রাউলকে খেলতে হয়েছে ৭৪১ ম্যাচ। ম্যাচপ্রতি গোল ০.৪৪টি। সেখানে রোনালদো ৩২১ গোল করেছেন মাত্র ৩০৪ ম্যাচ খেলে, ম্যাচপ্রতি ১.০৬টি! রিয়াল কিংবদন্তিদের মধ্যে ম্যাচপ্রতি গোলে রোনালদোর কাছাকাছি আছেন শুধু ফেরেঙ্ক পুসকাস (২৬২ ম্যাচে ২৪২ গোল, ম্যাচপ্রতি ০.৯২)।
শুধু রিয়াল খেলোয়াড়েরাই নন, লা লিগার ইতিহাসে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে রোনালদোর ম্যাচপ্রতি গোল বেশি। লা লিগায় রোনালদো ২৩০ গোল করেছেন ২০৩ ম্যাচ খেলে (ম্যাচপ্রতি ১.১৩টি)। লা লিগার সর্বোচ্চ গোলদাতা মেসির ম্যাচপ্রতি গোল ০.৯১টি (৩১৮ ম্যাচে ২৮৭ গোল)। ম্যাচপ্রতি ০.৯০ গোল নিয়ে এ দুজনের কাছাকাছি আছেন শুধু অ্যাথলেটিক বিলবাও কিংবদন্তি তেলমো জারা (২৭৮ ম্যাচে ২৫১ গোল)।
রিয়ালে মাত্র ৬ বছরের ক্যারিয়ারেই এত অর্জন! রোনালদোর ক্যারিয়ারের শুরুটাও যদি লা লিগায় হতো, তাঁর পরিসংখ্যান কি কারও ধরাছোঁয়ার মধ্যে থাকত?