আরেকটি 'তামুদাজো' চায় না বার্সা!
নয় মৌসুম আগের স্মৃতিটা আজ আবারও ফিরিয়ে আনবে এসপানিওল? তারা ‘তামুদাজো’ কাণ্ড ঘটাবে আরেকবার?
স্প্যানিশ লিগে আজ কাতালান ডার্বিকে ঘিরে এই শব্দটা খুব শোনা যাচ্ছে। লিগে শিরোপা লড়াইয়ের যা অবস্থা, তাতে ন্যু ক্যাম্পে আজ এসপানিওলের বিপক্ষে বার্সেলোনা পা হড়কালেই ভাগ্যের শিকে ছিঁড়তে পারে শিরোপা লড়াইয়ে থাকা মাদ্রিদের দুই ক্লাব রিয়াল ও অ্যাটলেটিকোর। আজ একই সময়ে মাঠে নামছে এই দুটি দলও। অ্যাটলেটিকো মাদ্রিদ আজ খেলবে লেভান্তের মাঠে, তিনে থাকা রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে খেলবে ভ্যালেন্সিয়ার সঙ্গে।
কিন্তু এই তিন লড়াইয়ের মধ্যেও ‘তামুদাজো’ প্রসঙ্গেই বেশি আলোচনা হচ্ছে। বাংলায় শব্দটার অর্থ দাঁড়ায় তামুদোকে নিয়ে গল্প বা তামুদোর মুহূর্ত। এসপানিওলের ইতিহাসে হয়তো সবচেয়ে সুখের মুহূর্তগুলোর একটি—রাউল তামুদোর সেই গোল। ২০০৬-০৭ মৌসুমের কাতালান ডার্বি, লিগের ৩৭তম ম্যাচের ৯০ মিনিটে গোল করে বার্সেলোনার শিরোপা-স্বপ্নটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন এসপানিওল স্ট্রাইকার। অনেকটা এই মৌসুমের মতো, সেবারও লিগে শিরোপাদৌড়ে ছিল তিনটি দল—বার্সা, রিয়াল আর সেভিয়া। তাতে বার্সার হাত থেকে শিরোপা কেড়ে নিল তামুদোর ওই গোল।
সেভিয়া ড্র করায় লড়াইটা আগেই হয়ে গিয়েছিল দ্বিমুখী। জারাগোজার মাঠে রিয়ালও ড্র করায় শিরোপার সুবাস পাচ্ছিল বার্সা। ৮৯ মিনিট ৩০ সেকেন্ডে ২-১ গোলে এগিয়েও ছিল বার্সা। তখনই নাটকে এল মোচড়! গগনবিদারী উল্লাসে মত্ত ন্যু ক্যাম্প স্তব্ধ হয়ে দেখল, বার্সার জালে বল ঠেলে দিয়েছেন তামুদো! ২-২! ওই ড্রতে রিয়ালের সঙ্গে পয়েন্ট সমান হয়ে যায় বার্সার। কিন্তু মুখোমুখি লড়াইয়ের হিসাবে শিরোপা ওঠে রিয়ালের হাতে।
আরও একবার লিগে ৩৭তম ম্যাচে কাতালান ডার্বি। এবারও গল্পটা প্রায় একই রকম—তিন দল শিরোপা লড়াইয়ে, প্রথম দুই দলের পয়েন্ট সমান। তামুদো আর এসপানিওলে নেই, তবে তামুদাজো ঠিকই ফিরে ফিরে আসছে। বার্সা ডিফেন্ডার জর্ডি আলবা সেই দুঃস্মৃতি নিয়ে ভাবতে চান না, ‘তামুদাজো নিয়ে আমরা ভাবছি না। তবে এসপানিওল সব সময়ই শক্ত দল। ডার্বিতে ওরা সব সময় ঝাঁপিয়ে পড়ে।’ তবে এসপানিওলের ফিলিপে কেইসেদোর কাছে ওটিই প্রেরণা, ‘আমি তামুদাজোর স্বপ্নই দেখছি। ন্যু ক্যাম্পে খেলা কতটা কঠিন আমরা জানি। কিন্তু আমি একজন স্ট্রাইকার, গোল করাই আমার কাজ।’
কেইসেদো আজ তাঁর কাজে সফল হলে খুশি হবে দুই মাদ্রিদ ক্লাব। বার্সা পা ফসকালেই যে তাদের সামনে সুযোগ শিরোপা জয়ের। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর চেয়ে অবশ্য রিয়ালের কাজটা বেশি কঠিন। একে প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া, তার ওপর চোট কেড়ে নিয়েছে গ্যারেথ বেল ও করিম বেনজেমাকে।
তবে কঠিন লড়াইয়ের জয়ের পুরস্কারও তো অনেক তৃপ্তির হবে। এএফপি, ইএসপিএন।