আরেকটি 'লেস্টার' রূপকথার জন্য কত অপেক্ষা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলপ্রেমীরা এখন যেন রয়েছেন লেস্টার সিটির রূপকথার ঘোরে। কি খেলোয়াড়, কি দর্শক, কি ফুটবলবোদ্ধা, সবাই মজে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়নদের গল্পে। এমন গল্প তো আর হররোজ পাওয়া যায় না। অনেকটা ধূমকেতুর মতো, অপেক্ষা করতে হয় বলেই হয়তো এই গল্পগুলো ‘স্পেশাল’। এমন আরেকটি রূপকথার জন্য কত দিন অপেক্ষা করতে হবে, কে জানে! লেস্টার কোচ ক্লদিও রানিয়েরি বলছেন, অপেক্ষাটা এক-দুই দশকও ছাড়িয়ে যেতে পারে।

>লেস্টার কোচ ক্লদিও রানিয়েরি বলছেন, অপেক্ষাটা এক-দুই দশকও ছাড়িয়ে যেতে পারে

একটু অবাক হতে পারেন রানিয়েরির কথা শুনে। শুধু চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা দিয়েও যে অসম্ভবকে সম্ভব করা যায়, সেই বিশ্বাসটাই তো এবার ছড়িয়ে দিল লেস্টার। অথচ ইতালিয়ান কোচেরই মনে হচ্ছে, আরেকটি ‘লেস্টার’ রূপকথা দেখতে অপেক্ষা করতে হবে দীর্ঘ সময়! ৬৪ বছর বয়সী ইতালিয়ানের বিচারে কারণটা অর্থের প্রভাব, ‘অনেক অর্থ দিয়েই বড় দলগুলো গড়া হয়। আর সাধারণত বড় দলই শিরোপা জেতে। অবশ্য এখন আমরা বলতে পারি, এমনটা ৯৯ শতাংশ সময়ে হয়।’
রানিয়েরির কথায় অতীত রেকর্ডেরও সমর্থন পাওয়া যায়। প্রিমিয়ার লিগ যুগে শিরোপা শুধু ছয়টি দলের হাতেই উঠেছে। লেস্টার কোচও সেটি মনে করিয়ে দিলেন, ‘নটিংহাম ফরেস্ট (১৯৭৮) ও ব্ল্যাকবার্ন রোভার্সের (১৯৯৫) পর কয়টা নতুন দল শিরোপা জিতেছে? আগামী মৌসুমও একইভাবে যাবে। আগামী ১০ থেকে ২০ বছরই এমন হবে।’ কেন হবে, সেটির ব্যাখ্যাও দিয়েছেন, ‘ধনী ক্লাবগুলো জিতবে, না হলে সেরা খেলোয়াড়দের তুলে নিয়ে দল বানাবে। যদি ২০ দলেরই সমান অর্থ থাকত, তাহলে এক দল জিতত, আর তিন দল বাদ পড়ত। ফুটবল তো এমনই হওয়া উচিত।’ এএফপি।