আরেকটু হলেই আর্সেনালের হতেন মেসি!

বার্সেলোনার জার্সিতে জিতেছেন একের পর এক শিরোপা। এসেছে বহু সাফল্য। বার্সার জার্সিতে এখনো ছুটছেন দুরন্ত গতিতে। অথচ লিওনেল মেসির ক্লাব জীবনের গল্পটা এমন না-ও হতে পারত। বার্সার জন্য নয়, মেসি হয়তো ছুটতেন আর্সেনালের জার্সি গায়েই!
ডেইলি মেইল-এর খবরে বলা হয়েছে, মাত্র ১৬ বছর বয়সেই গানারদের ডেরায় নাম লেখানোর সুযোগ এসেছিল মেসির সামনে। কেবল মেসিই নয়, একই সুযোগ পেয়েছিলেন জেরার্ড পিকে ও সেস্ক ফ্যাব্রিগাসও। তিনজনই তখন লা মাসিয়া একাডেমির ছাত্র। ২০০৩ সালে গানার-গুরু আর্সেন ওয়েঙ্গার লা মাসিয়ার এ তিন খেলোয়াড়কে চুক্তি করাতে চেয়েছিলেন তাঁর দলে। তিনি এ-ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনজনই সুযোগ পাবে মূল দলে। মেসি নাকি রাজিও ছিলেন উত্তর লন্ডনের ক্লাবটিতে নাম লেখাতে। কিন্তু শেষমেশ কাজের অনুমতি-সংক্রান্ত (ওয়ার্ক পারমিট) জটিলতায় আর্জেন্টিনা ফরোয়ার্ডের নাম লেখানো হয়নি ওয়েঙ্গারের দলে। ২০০৬ সালে মেসি পেয়ে গেলেন স্পেনের নাগরিকত্ব। নিয়মিত হলেন বার্সেলোনা দলেও। বাকি গল্প তো সবার জানা।
তবে ফ্যাব্রিগাস নাম লেখালেন আর্সেনালে। অন্যদিকে ২০০৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে গেলেন পিকে। দুজনই পরবর্তী সময়ে ফিরেছিলেন বার্সায়। অবশ্য ফ্যাব্রিগাস এ বছর বার্সা ছেড়ে গেছেন চেলসিতে।