আরেকটু হলেই মেসি খেলতেন এস্পানিওলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা লিগায় মেসির অভিষেক হতে পারত এস্পানিওলের জার্সিতে! ছবি: রয়টার্স
লা লিগায় মেসির অভিষেক হতে পারত এস্পানিওলের জার্সিতে! ছবি: রয়টার্স

নতুন মেসির খোঁজে হন্যে হয়ে উঠেছে ইউরোপিয়ান ক্লাব গুলো। আসল মেসিকে কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক ক্লাব। টাকার ঝনঝনানি শুনিয়ে লিওনেল মেসিকে দলে টানার গুঞ্জন মাঝে মাঝেই তুলছে ম্যানচেস্টার সিটি। অথচ এই মেসিকেই কিনা মুফতে পেয়ে যাচ্ছিল বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওল! অন্তত টটেনহাম কোচ মরিসিও পচেত্তিনোর দাবি তাই, ১৭ বছর বয়সে মেসিকে ধারে খেলতে পাঠানোর কথা ছিল এস্পানিওলে।
যে কিশোরের খেলায় মুগ্ধ হয়ে পুরো পরিবারকেই স্পেনে নিয়ে এল বার্সেলোনা, তাঁকে ধারে পাঠিয়ে দেওয়া হবে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে! টটেনহাম কোচ নিজেও জানেন কতটা অবিশ্বাস্য ঠেকবে তাঁর এই কথা। পচেত্তিনো তখন খেলতেন এস্পানিওলে। তাঁর দাবি লা লিগার অভিজ্ঞতা অর্জনের জন্য মেসিকে ধারে পাঠানোর কথা ভেবেছিল বার্সেলোনা, ‘অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটাই সত্যি। আমরা মেসিকে প্রায় নিয়েই ফেলেছিলাম, চুক্তি স্বাক্ষর থেকে এক সেন্টিমিটার দুরে ছিলাম আমরা। মেসির বয়স তখন ১৭, বার্সেলোনা অনূর্ধ্ব-১৮ দলে খেলত। কিন্তু শেষ পর্যন্ত চুক্তিটি হয়নি।’
ফুটবলে এরকম ‘প্রায়’ এর নজির অনেক। অনেক তারকা খেলোয়াড়ই ক্যারিয়ারে কোনো এক ক্লাবে যোগ দেওয়ার কথা থাকলেও পরে অন্য কোথাও খেলেছেন। জ্লাতান ইব্রাহিমোভিচ যেমন আর্সেনালে ‘প্রায়’ খেলেই ফেলেছিলেন। পচেত্তিনো সেই কথাই মনে করিয়ে দিলেন সবাইকে, ‘ফুটবলে এ রকম অনেক ‘‘ইশ, প্রায়’’ আছে। কিন্তু শেষ পর্যন্ত বাস্তবতা মেনে নিতে হবে। ফুটবলে কী হতে পারত—এ নিয়ে কেউ বসে থাকে না।’
কিন্তু দশ আগের ‘প্রায়’ ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা উঠল কেন? পরশু ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছেন টটেনহামের ডেলে আলী। সেটি দেখেই সাবেক লিভারপুল কোচ ম্যানেজার বললেন, এই আলীকেই তো প্রায় কিনে ফেলেছিল লিভারপুল! রজার্সের এই কথার জবাবেই টটেনহাম কোচ দিলেন অজানা এই তথ্যটা। সঙ্গে অবশ্য আরও বলে দিয়েছেন, ‘ডেলে আলী এখন আমাদের।’ ইএসপিএন।