আর্জেন্টাইন উইঙ্গারের ওপর দিয়ে করোনা পরীক্ষার ঝড়

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দলে রয়েছেন এদুয়ার্দো সালভিও।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামার আগে সুখবর পেয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দলের কোচিং স্টাফ থেকে খেলোয়াড়দের সবাই কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ। সবার স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করেই শুক্রবার ভোরে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে জাতীয় দলের স্কোয়াডে থাকতে সবার দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিলেন বোকা জুনিয়র্স উইঙ্গার এদুয়ার্দো সালভিও। করোনা পরীক্ষায় তাঁকে যে নেগেটিভ-পজিটিভের গ্যাঁড়াকলে পড়তে হয়েছিল।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগে আর্জেন্টিনার সব খেলোয়াড়েরই করোনা–নেগেটিভ
ছবি: টুইটার

গত আগস্টে করোনা পজিটিভ হন সালভিও। বোকা জুনিয়র্সে তখন করোনা মহামারি চলছে। ক্লাবটির ১৮ ফুটবলার আক্রান্ত হয়েছিলেন করোনায়। তখন সুস্থ হয়ে ওঠার পর আর্জেন্টিনা স্কোয়াডে ডাক পান তিনি। জাতীয় দলে আসার পর আরও কয়েক দফা কোভিড-১৯ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে সালভিওকে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, কাল জাতীয় দলে তাঁর করোনা পরীক্ষা করা হয়। এতে সিআরপি পরীক্ষায় নেগেটিভ হলেও রক্তসংক্রান্ত (সেরোলজিক্যাল) পরীক্ষায় পজিটিভ হন সালভিও। এরপর আরেক দফা পরীক্ষায় নেগেটিভ হন তিনি।

কাল তাঁকে ছাড়াই পুরোদমে অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। সালভিওকে দিতে হয়েছে আরেক দফা পরীক্ষা। সে পরীক্ষায় নেগেটিভ হওয়ায় জাতীয় দলের সঙ্গেই আছেন সালভিও। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সে খুশির খবর দিয়েছেন ৩০ বছর বয়সী এ ফুটবলার। ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে সালভিও-র। চোটে পড়া জিওভানি লো সেলসোর জায়গায় তাঁকে মাঠে নামাতে পারেন আর্জেন্টিনা কোচ স্কালোনি।

দলের সব খেলোয়াড়ের করোনা নেগেটিভ হওয়ার খবর আজ অফিশিয়াল টুইটারে অ্যাকাউন্টে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আজ টুইটে জানানো হয়, ‘খেলোয়াড়, কোচিং স্টাফ ও স্টাফদের পরীক্ষায় সবাই নেগেটিভ।’ সালভিও নিজে এ সুখবর টুইটারে জানিয়েছেন খুশির ইমো পোস্ট করে।