আর্জেন্টাইন ক্লাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

>
- ইন্দিপেন্দিয়েন্তে আর্জেন্টিনার অন্যতম সেরা ক্লাব।
- তাদের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ।
- খুদে ফুটবলারদের ‘অনৈতিক’ কাজে প্রলুব্ধ করে তারা।
- একজন ফুটবলার সরকারি কৌঁসুলির কাছে এ কথা বলেছে।
ইন্দিপেন্দিয়েন্তে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে সেরা ক্লাবগুলোর একটি। তারা ১৬ বার ঘরোয়া লিগ জেতার পাশাপাশি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা লিবার্তোদোরেস জিতেছে রেকর্ড ৭ বার। এমন একটি দলের বিপক্ষে গুরুতর অভিযোগই উঠেছে। অভিযোগটা তুলেছেন সরকারি কৌঁসুলি। ক্লাবের যুব প্রকল্পে নাম লেখানো খুদে ফুটবলারদের নাকি অনৈতিক কাজে প্রলুব্ধ করা হচ্ছে!
কেবল ‘অনৈতিক’ বললেও কম বলা হবে; এই খুদে ফুটবলারদের নাকি যৌনচক্রে প্রলুব্ধ করা হয়—কৌঁসুলি মারিয়া সোলিদাদ গ্যারিবল্ডি অভিযোগ এমনই। সামান্য জার্সি, বুট দেওয়ার নাম করে নাবালক এই ফুটবলারদের এমন জঘন্য কাজে বাধ্য করা হচ্ছে।
ব্যাপারটা রীতিমতো অবিশ্বাস্য। বিশেষ করে ইন্দিপেন্দিয়েন্তের সুনাম ও ঐতিহ্য অনুযায়ী অনেকেই এমন অভিযোগ ঠিক বিশ্বাস করতে পারছেন না। কিন্তু ১৭ বছর বয়সী এক ফুটবলার ক্লাবের মনোবিদের কাছে তাকে যৌনচক্রে বাধ্য করার অভিযোগ তোলার পরপরই ব্যাপারটা সামনে চলে আসে।
সেই ফুটবলার জানিয়েছে, তাকে অনৈতিক কাজে উৎসাহ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ক্লাবটির ১৯ বছর বয়সী এক ফুটবলার নাকি বুয়েনস এইরেসে যৌনবৃত্তিতে জড়িত।
বুয়েনস এইরেসের অ্যাভেলানেদা অঞ্চলে এসব তরুণ ফুটবলারদের আবাসিক সুবিধা দিয়েছে ইন্দিপেন্দিয়েন্তে। ১৩ থেকে ১৯ বছর বয়সী এসব ফুটবলারের সংখ্যা পঞ্চাশের বেশি। গ্যারিবল্ডি তাঁদের সঙ্গে দেখা করার পর স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এর মধ্যে যে পাঁচজনের সঙ্গে কথা বলেছি, তিনজন কিছু তথ্য দিয়েছে। একজন বলেছে ব্যাপারটা না ঘটলেও তাঁদের প্রলুব্ধ করা হয়েছে। ছেলেরা জানত কিছু একটা ঘটছে। এক জোড়া বুট কিংবা জার্সির জন্য তাদের এ কাজের প্রস্তাব দেওয়া হয়েছে, ওরা আমাকে তা প্রকাশের অনুমতি দিয়েছে।’
গুরুতর এ অভিযোগের পর ইন্দিপেন্দিয়েন্তে কর্মকর্তারা বসে থাকেননি। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন রেফারি মার্টিন বাস্তোস ও তাঁর আইনজীবী। ক্লাব কর্তারা তাঁদের বিচারের আওতায় এনেছেন। প্রমাণ লুকোতে একটি মুঠোফোন নষ্টের অভিযোগ আনা হয়েছে বাস্তোসের আইনজীবীর বিরুদ্ধে। গ্যারিবল্ডির বিশ্বাস, দেশের অন্যান্য ক্লাবেও অপ্রাপ্তবয়স্কদের দিয়ে এমন কাজ করানো হয়। ঠিক এ কারণেই ইন্দিপেন্দিয়েন্তে কোচ আরিয়েল হোলানের ভাষ্য, ‘দুর্ভাগ্যজনকভাবে এ ঘটনা আমাকে মোটেও অবাক করেনি। এটা এমন একটা ব্যাপার যা গোপন ছিল এবং এটি শুধু খেলার মধ্যে কিংবা ইন্দিপেন্দিয়েন্তের মধ্যেই সীমাবদ্ধ নয়।’
যৌন নির্যাতনের শিকারদের আইনি সাহায্য দেওয়া আন্দ্রেস বনিকালজির মতে, পরিবার ছেড়ে আর্জেন্টিনার সুদূর প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা ফুটবলারেরা এসব ঘটনার শিকার হয় বেশি। এই আইনজীবীর বক্তব্য, ‘ক্লাবগুলোকে তারা আদর্শের চোখে দেখে থাকে। কর্তাদের দেখে থাকে পিতৃত্বের আসনে বসিয়েই। পরে ধীরে ধীরে সেই “পিতা”দের আসল চেহারা সবার সামনে পরিষ্কার হয়ে যায়।’