আর্জেন্টাইনদের রাত
পরশু রাতে বিশ্ব ফুটবলের সবচেয়ে সুখী কোচ কে ছিলেন? না, ইউরোপের কোনো ক্লাবের কোচ নন, সুখী মানুষটা আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। কেন? ক্লাবের হয়ে তাঁর দলের ফরোয়ার্ডরা যে রাঙিয়ে দিলেন! এদিকে বার্সেলোনার হয়ে লিওনেল মেসির জোড়া গোল, ওদিকে জুভেন্টাসের হয়ে পাওলো দিবালার হ্যাটট্রিক, আবার ইন্টার মিলানের হয়ে মাউরো ইকার্দিও করেছেন ২ গোল।
৩১ আগস্ট বিশ্বকাপ বাছাইপর্বের পরের রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে, ৫ সেপ্টেম্বরের ম্যাচে ভেনেজুয়েলা। তার আগে দলের ফরোয়ার্ডদের এভাবে জ্বলে উঠতে দেখাটা আর্জেন্টাইন কোচের জন্য আনন্দের খবর বৈকি!
ইকার্দির জ্বলে ওঠাটাই হয়তো বেশি স্বস্তি দেবে সাম্পাওলিকে। প্রায় চার বছর ধরে দলের বাইরে ইন্টার স্ট্রাইকার। তবে নতুন কোচ হয়ে এসেই সাম্পাওলি দলে ডেকেছেন ইকার্দিকে। কোচের সেই আস্থার প্রতিদান দিতে যে ২৪ বছর বয়সী স্ট্রাইকারও তৈরি, তা বুঝিয়ে দিলেন রোমার বিপক্ষে পিছিয়ে পড়া ইন্টারকে ৩-১ গোলে জিতিয়ে।
জেনোয়ার বিপক্ষে জুভেন্টাসের জয়টা বেশ নাটকীয়। ৭ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়া জুভেন্টাসের হয়ে ১৪ মিনিট ও প্রথমার্ধের যোগ হওয়া সময়ে দুটি গোল করে সমতা ফেরান দিবালা। ৬২ মিনিটে হুয়ান কুয়াদ্রাদোর গোলে জুভেন্টাস এগিয়েও যায়। তবে ম্যাচের যোগ হওয়া সময়ে নিজের তৃতীয় ও দলের চার নম্বর গোলটি করে জয় নিশ্চিত করেন দিবালা (৪-২)। এএফপি।