আর্জেন্টিনা ও ইংল্যান্ডেই বাজি ধরছি

কোপা আমেরিকায় দারুণ খেলেছেন মেসি।ফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোর মতো আজ থেকে নকআউট পর্ব শুরু হয়েছে কোপা আমেরিকার নকআউট পর্বও। দর্শকের মতো রাত জেগে বাংলাদেশ থেকে এ দুটি টুর্নামেন্টেই চোখ রাখছেন ফুটবলাররাও। সেই দেখা থেকেই বিশ্লেষণ করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম

কাল ফুটবলময় এক রাতের পর আজকের ম্যাচগুলোকে কম আকর্ষণীয় মনে হতে পারে। কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ইউরোতে ইংল্যান্ডের প্রতিপক্ষ দলের নাম তুলনামূলক ছোট হওয়ায় ম্যাচ দুটোকে হাইভোল্টেজ বলা যাচ্ছে না। তবে নকআউট পর্বে আসা প্রতিটি দলই তাদের সামর্থ্যের প্রমাণ দিয়ে এসেছে। সুতরাং আর্জেন্টিনা-ইকুয়েডর, ইউক্রেন-ইংল্যান্ড ম্যাচেও ফুটবলীয় আনন্দ থাকবে। চেক রিপাবলিক ও ডেনমার্কের মধ্যকার ম্যাচটাও দারুণ উপভোগ্য হবে বলে আমি মনে করি। ইউরোতে এখন পর্যন্ত অন্যতম সেরা দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে ডেনমার্ক।

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
ফাইল ছবি: রয়টার্স

ইউরোর চেয়ে আজ বোধ হয় কোপা নিয়েই বেশি আগ্রহ। কারণ, কাল সকালে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচ আছে। ক্লাবের অনুশীলন থাকায় সকালের ম্যাচগুলো দেখতে পারি না। তবে পরে হাইলাইটস দেখি। গত ম্যাচগুলো দেখে বলব আর্জেন্টিনা কোপায় খুব ভালো খেলছে। দলে লিওনের মেসির মতো খেলোয়াড় থাকলে স্বাভাবিকভাবে মেসিনির্ভরতা থাকবেই। তবে এই টুর্নামেন্টে আর্জেন্টিনাকে একটা দল হিসেবে খেলতে দেখা যাচ্ছে। বিশেষ করে আর্জেন্টিনার পায়ে বল না থাকলে দলীয় মনোভাব বেশি ফুটে উঠেছে।

প্রতিপক্ষ বক্সে আর্জেন্টিনার দুর্বলতা অবশ্য যাচ্ছে না। গোল মিসের প্রবণতা দেখা যাচ্ছে বেশি। নকআউট পর্বে গোলের বেশি সুযোগ পাওয়া যাবে না। সেগুলো কাজে লাগাতে না পারলে বিপদ হতে পারে। আর্জেন্টিনার পক্ষে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে আমি মনে করি। সব মিলিয়ে ইকুয়েডরের বিপক্ষে পরিষ্কারভাবে ফেবারিট আর্জেন্টিনা। মেসির ফর্মে থাকাটাকেই আর্জেন্টিনাকে ফেবারিট বলতে বাধ্য করছে। মেসির মতো খেলোয়াড়ের কাছ থেকে দল কী চেয়ে থাকে? গোল করা অথবা করানো। টুর্নামেন্টে প্রতি ম্যাচেই মেসি সেই কাজটি করে যাচ্ছেন। তিন গোল করে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মেসিই। গোল করিয়েছেনও বেশ কয়েকটি। মেসির মতো খেলোয়াড় ছন্দে থাকলে যেকোনো প্রতিপক্ষ দলের জন্যই মহাবিপদ।

আজ রাতে ইউরোর ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড।
ফাইল ছবি

কোনো সন্দেহ নেই কোপার চেয়ে ইউরোর খেলা বেশি উপভোগ্য। আগের ম্যাচে জার্মানিকে হারানোয় ইংল্যান্ডের খেলা নিয়েও এখন ফুটবল সমর্থকদের বেশি কৌতূহল। ইংল্যান্ড-ইউক্রেন ম্যাচে ইংল্যান্ড ফেবারিট হলেও ইউক্রেন ডার্ক হর্স। আগের ম্যাচে জার্মানিকে হারানোয় ইংল্যান্ড বেশি আত্মবিশ্বাসী থাকবে। ফুটবলে তাদের নিজস্ব একটা ইতিহাস ও ‘ব্র্যান্ড’ আছে। যে কারণে শক্তিশালী দল হয়েও ইতালির সঙ্গে সেভাবে লড়াই করতে পারেনি বেলজিয়াম। নকআউট পর্বে জিততে বিশ্বকাপ ও ইউরো জয়ের ইতিহাস থাকাটা বেশ গুরুত্বপূর্ণ।

এ ছাড়া পুরো ইংল্যান্ড দলটার দিকে তাকিয়ে দেখুন, দলটা কত ভালো করছে। দলটি এখন পর্যন্ত গোল হজম করেনি। গোলপোস্টের নিচে অসাধারণ খেলছেন পিকফোর্ড। এ ছাড়া রক্ষণভাগ জমাট ছিল বিধায় ‘ক্লিনশিট’ ধরে রাখা সম্ভব হয়েছে। ইংল্যান্ড নিজেরা কোনো ভুল না করলে, ইউক্রেনের এ ম্যাচে তেমন কোনো সুযোগ দেখছি না। ইংল্যান্ড ফরোয়ার্ড লাইনেও গভীরতা আছে। ‘হাফ চান্স’ থেকে গোল করার মতো বেশ কয়েকজন ফরোয়ার্ড আছেন ইংল্যান্ড দলে।

ফেবারিটদের তালিকায় চলে এসেছে ডেনমার্ক।
ফাইল ছবি: রয়টার্স

নিয়মিত গোল করছেন রাহিম স্টার্লিং। শেষ ম্যাচে গোল পেয়েছেন হ্যারি কেইন। আমি আগের কলামে লিখেছিলাম, কেইনের মতো ফুটবলাররা বড় ম্যাচেই জ্বলে ওঠেন। জার্মানির বিপক্ষে তাঁর গোল করাটাই প্রমাণ। গোল পাওয়ায় এখন পুরোপুরি নির্ভার। আজকের ম্যাচে তাঁর ওপর চাপটা অনেক কমে গিয়েছে। কেইনকে গোলের রাস্তায় ফেরানোর জন্য জ্যাক গ্রিলিশকেও কৃতিত্ব দিতে হবে। জার্মানির বিপক্ষে বদলি নেমে ম্যাচের চেহারাটায় বদলে দিয়েছেন তিনি। কেইনকে ছাড়াও দারুণ গোল করিয়েছেন স্টার্লিংকে দিয়ে। বোঝাই যাচ্ছে ইংল্যান্ডের বেঞ্চও অনেক শক্তিশালী।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ থাকায় আলোচনায় আসতে পারছে না চেক প্রজাতন্ত্র-ডেনমার্কের ম্যাচটি। এই ম্যাচে দুই দলেরই জয়ের সমান সুযোগ থাকবে। চেকরা সর্বশেষ ম্যাচে দারুণ ফুটবল খেলেছে। সর্বশেষ ম্যাচের বিবেচনা করলে চেকদের কিছুটা এগিয়ে রাখতে হয়। আবার পুরো টুর্নামেন্টের বিবেচনা করলে এগিয়ে থাকবে ডেনমার্ক। ডেনিশদের সবচেয়ে ভালো দিক লড়াই করার মানসিকতা। আক্রমণভাগেও বৈচিত্র্য আছে তাদের।