আর্জেন্টিনা দলে নেই দিবালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩ বছর ধরে শিরোপা-খরা চলছে আর্জেন্টিনার, এই কথায় আপত্তি করতে পারে দেশটির অলিম্পিক দল। টানা দুই অলিম্পিকের সোনা জিতেছে তারা। ২০০৪ এথেন্স অলিম্পিকে আর্জেন্টিনাকে প্রথম সোনা এনে দিয়েছিলেন তেভেজ-স্যাভিওলারা। ২০০৮ বেইজিং অলিম্পিকে সেটি ধরে রাখেন মেসি-আগুয়েরো-ডি মারিয়া। পাওলা দিবালারও অলিম্পিকের সোনা জয়ের স্বপ্ন ছিল। সেটি আর হলো না, দিবালাকে ছাড়াই রিওতে যাচ্ছে আর্জেন্টিনা।

ক্লাবের অনুমতি নেই বলে অলিম্পিক দলে নেওয়া যাচ্ছে না দিবালা ও মাউরো ইকার্দিকে—সেটি আগেই মোটামুটি জানা ছিল। পরশু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো, দিবালার অলিম্পিক স্বপ্ন পূরণ হচ্ছে না। তবে অলিম্পিকে দল যে শেষ পর্যন্ত পাঠাতে পারছে আর্জেন্টিনা, তাতেই স্বস্তি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। গত সপ্তাহেই অলিম্পিক দলের খেলোয়াড়-সংকট ও বোর্ডের অন্যান্য বিশৃঙ্খলাকে কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন কোচ জেরার্ডো মার্টিনো। অলিম্পিকে আর্জেন্টিনার কোচের দায়িত্ব পেয়েছেন হুলিও ওলারতিকোচেয়া। ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের এই সদস্যকে কোচ হিসেবে পেয়েও অনুপ্রাণিত হতে পারে আর্জেন্টিনা। ২০০৮ অলিম্পিকের সোনা এনে দেওয়া দলের কোচও ছিলেন ’৮৬ বিশ্বকাপজয়ী দলের একজন—সার্জিও বাতিস্তা।

তৃতীয় অলিম্পিক সোনা জয়ের স্বপ্ন দেখতে যাওয়া আর্জেন্টিনার দলটি একেবারে খারাপ হয়নি। দলে জায়গা পেয়েছেন অ্যাঙ্গেল কোরেয়া, জেরোনিমো রুইয়ি, ম্যানুয়েল লানজিনি। আরেকটি পরিচিত নামও আছে আর্জেন্টিনা দলে, সিমিওনে। স্ট্রাইকার জিওভান্নি অবশ্য বাবার পরিচয়েই বেশি পরিচিত, ডিয়েগো সিমিওনের ছেলে, খেলেন রিভার প্লেটে।