আর্জেন্টিনা দলে হিগুয়েইন নেই
আর্জেন্টিনার জার্সি গায়ে সর্বশেষ গোল পেয়েছিলেন কোপা আমেরিকার সেমিফাইনালে। প্যারাগুয়ের বিপক্ষে ৬-১ গোলে জেতা সে ম্যাচে একটি গোল করেছিলেন গঞ্জালো হিগুয়েইন। তবে গোটা টুর্নামেন্টটি তাঁর জন্য ছিল হতাশার, সব মিলিয়ে করেছিলেন ২ গোল, চিলির সঙ্গে ফাইনালে পেনাল্টি মিস করেছিলেন টাইব্রেকারে। পেটের পীড়ার কারণে খেলা হয়নি বলিভিয়া ও মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেও। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচের আর্জেন্টিনা দল থেকে বাদই পড়ে গেলেন এই স্ট্রাইকার। তার জায়গায় জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জুভেন্টাসের ২১ বছর বয়সী স্ট্রাইকার পাওলো দিবালা।
আগামী ৮ অক্টোবর ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে বিশ্বকাপ রানার্সআপ আর্জেন্টিনা, পাঁচ দিন পর প্যারাগুয়েতে খেলবে দ্বিতীয় ম্যাচ। গত রোববারে লাৎসিওর বিপক্ষে ৫-০ গোলে জয় পায় হিগুয়েইনের দল নাপোলি। সে ম্যাচে ২৭ বছর বয়সী স্ট্রাইকার দুটি গোল করেছেন। কিন্তু হিগুয়েইনের এই ম্যাচের পারফরম্যান্স আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোর কাছে যথেষ্ট ছিল না, ‘দলটা আগেই নির্বাচন করা। একটা ম্যাচের ভিত্তিতে আমরা দল নির্বাচন করতে পারি না। পুরো প্রক্রিয়াটা দেখতে হয়।’ গত মৌসুমে পালের্মোর হয়ে দুর্দান্ত খেলা দায়বালা এবার খেলছেন জুভেন্টাসের হয়ে। সিরি ‘আ’র প্রথম তিন ম্যাচে করেছেন ২ গোল। রয়টার্স।
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা দল: সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান, অগুস্তিন মার্চেসিন; পাবলো জাবালেতা, নিকোলাস ওটামেন্ডি, মার্টিন ডেমিচেলিস, ইমানুয়েল মাস, মার্কোস রোহো, ফাকুন্দো রনকাগলিয়া, এজেকিয়েল গারাই, মিল্টন কাসকো, রামিরো ফুনেস মোরি; হাভিয়ের মাচেরানো, লুকাস বিগলিয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া, হাভিয়ের পাস্তোরে, এভার বানেগা, রবার্তো পেরেইরা, এনজো পেরেজ, নিকোলাস গাইতান; লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, অ্যাঙ্গেল কোরেয়া, এজেকিয়েল লাভেজ্জি।