আর্জেন্টিনা দলের হোটেলে চুরি!

সামনের শুক্রবার থেকে শুরু রিও অলিম্পিক। তার আগে কাল শেষ প্রস্তুতি মাচ খেলতে মেক্সিকোয় গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সেখানেই হয়েছে বিপত্তি, হোটেল থেকে টাকাপয়সাসহ মূল্যবান অনেক কিছু খোয়া গেছে আর্জেন্টিনা খেলোয়াড়দের।
মেক্সিকোর পুয়েবালায় দুই দল যখন খেলছিল, তখনই ঘটেছে ঘটনাটা। ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছিল। খেলা শেষ করে রাতে হোটেলে ফিরে আর্জেন্টিনার খেলোয়াড়েরা আবিষ্কার করেন, তাঁদের কক্ষে চোর ঢুকেছিল। তবে ঠিক কী পরিমাণ টাকা খোয়া গেছে, সেটা জানানো হয়নি।
চুরির পরও হয়েছে নাটক। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সহসভাপতি ক্লদিও তাপিয়া দলের সঙ্গে ছিলেন। তিনি অভিযোগ করেছেন, অপরাধী কে, সেটা হোটেল কর্তৃপক্ষ জেনেও গোপন করছে, ‘সবচেয়ে অবাক করা ব্যাপার কী, তা জানেন? সিকিউরিটি ক্যামেরা দেখেই তারা বুঝতে পেরেছিল চোর কে, কিন্তু সেটা নিয়ে তারা কিছু বলছে না।’ তাপিয়ার দাবি, চুরির সব দায় হোটেল কর্তৃপক্ষকে নিয়ে সেটার ক্ষতিপূরণ দিতে হবে। নইলে আর্জেন্টিনা দল হোটেল ছেড়ে যাবে না। শেষ পর্যন্ত মেক্সিকো ফুটবল ফেডারেশনকে মধ্যস্থতা করতে হয়েছে। ক্ষতিপূরণ নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গেও একটা চুক্তি করেছে এএফএ।