আর্জেন্টিনা ফুটবলে আরেকটি ধাক্কা

অলিম্পিক ফুটবলে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। গত জুনে কোপা আমেরিকায় ব্যর্থতার পর অলিম্পিকেও ভাগ্য ফেরেনি আলবিসেলেস্তেদের। দুটির পার্থক্য এতটুকুই, কোপা আমেরিকায় আর্জেন্টিনা খেলেছিল ফাইনালে আর রিও অলিম্পিকে নকআউট পর্বে পা রাখার আগেই যাত্রা শেষ!
অলিম্পিক ফুটবলে ছোট দলগুলোর চমক নতুন কিছু নয়। ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রাজিলকে হারিয়ে সোনা জিতেছে মেক্সিকো। ২০০০ অলিম্পিকে সোনা জিতেছিল ক্যামেরুন, এর আগেরবার নাইজেরিয়া। তবু হন্ডুরাসের সঙ্গে ১-১ ড্র করে গ্রুপ পর্ব থেকে আর্জেন্টিনার বিদায় চমকজাগানিয়াই বটে।
অলিম্পিকে আসার আগেই বেশ টালমাটাল ছিল আর্জেন্টিনা। কোপায় ব্যর্থতার পরই লিওনেল মেসির অবসরের ঘটনায় বিরাট ধাক্কা খায় দেশটির ফুটবল। এর পর কোচ জেরার্ডো মার্টিনোর পদত্যাগ, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ—নানা ঘটনায় টালমাটাল আর্জেন্টিনা। তা ছাড়া অলিম্পিক দল নিয়েও কম জল ঘোলা হয়নি। প্রতিযোগিতার জন্য ১৮ জনের দল ঘোষণার পরই ক্লাবের চাপে বাদ পড়ে তিনজন। এমন পরিস্থিতিতে প্রস্তুতি নেওয়া কতটা কঠিন বলছিলেন গোলরক্ষক জেরোনিমো রুয়ি, ‘শুরুটা (অনুশীলন ক্যাম্প) ছিল খুবই কঠিন। কখনো দলে সাতজন, পরের দিন দেখা গেছে ১১, তার পরের দিন আবার ১৮ জন। কেউ চোটে পড়লে এটি হবে ১৬ জন।’
কাল হন্ডুরাসের বিপক্ষে ১-১ ড্র কিছুতেই মেনে নিতে পারছেন না ডিয়েগো ম্যারাডোনা। রেডিও লা রেডকে দেওয়া সাক্ষাৎকারে এএফএর কর্তাদের ওপর ক্ষোভ ঝেড়েছেন আর্জেন্টিনা কিংবদন্তি, ‘পরিচালকেরা মিয়ামি সূর্যস্নানে ছিল। তারা আর্জেন্টিনা ফুটবলকে নিয়ে মোটেও চিন্তিত নয়। হন্ডুরাস আমাদের হারাতে পারে না। তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু তারা খেলে মূলত বেসবেল। ফুটবল নিয়ে ওদের তেমন ধারণা নেই।’
২০১৪ বিশ্বকাপ, ২০১৫ কোপা আমেরিকার ফাইনালে ব্যর্থতার পর এ বছর বড় দুটি প্রতিযোগিতায় ব্যর্থ আর্জেন্টিনা। এএফএ ও দেশের বড় ক্লাবগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ, অস্থিতিশীল টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের অনুজ্জ্বল পারফরম্যান্স—ক্রান্তিকালই চলছে আর্জেন্টিনা ফুটবলে। এএফপি।