আর্জেন্টিনা ম্যাচের অভিজ্ঞতা দিয়েই জার্মানির ইতালি-জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওজিলের সঙ্গে লোয়ের পরিকল্পনা। ছবি-উয়েফা।
ওজিলের সঙ্গে লোয়ের পরিকল্পনা। ছবি-উয়েফা।

নির্ধারিত সময়ে হয়নি। অতিরিক্ত সময়েও না। ১২০ মিনিট পরেও জার্মানির বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল ইতালি। শেষ পর্যন্ত অবশ্য আন্তোনিও কন্তের দলকে হারতে হয়েছে, তবে সেটা টাইব্রেকারে। বছর দশেক আগের একটা ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়েই ইতালি-জয় করেছেন বলে দাবি জার্মান কোচ জোয়াকিম লোয়ের। 

ওই ম্যাচটা অবশ্য ইউরোতে নয়, ছিল ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। আর প্রতিপক্ষও ইতালি নয়, ছিল আর্জেন্টিনা। বার্লিনে সেদিন জার্মান ডাগ–আউটে ছিলেন কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান, তাঁর সহকারী এখনকার কোচ জোয়াকিম লো। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই আর্জেন্টিনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে দেয় জার্মানি।
বোর্দোতেও কাল ইতালির বিপক্ষে ম্যাচটাও নির্ধারিত ও অতিরিক্ত সময়ের পরে ১-১। তারপর টাইব্রেকার। প্রায় একই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে বলেই এই ম্যাচেও আর্জেন্টিনা ম্যাচের অভিজ্ঞতা কাজে লেগেছে জোয়াকিম লোয়ের। ম্যাচের পরে তাই বললেন, ‘এটা নাটকীয় একটা ম্যাচ ছিল। একেবারে শুরু থেকে শেষ শটটা পর্যন্ত। ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও আমার এমন অভিজ্ঞতা হয়েছে। ওটা কাজে দিয়েছে।’
দুর্দান্ত এই জয়ে এবারের ইউরোর সেমিফাইনালে উঠে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। যেখানে জার্মানি খেলবে আজ অন্য কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-আইসল্যান্ড ম্যাচের জয়ী দলের সঙ্গে। তবে জার্মান কোচ কিন্তু প্রতিপক্ষ হিসেবে ফ্রান্সকেই আশা করছেন, ‘দেখা যাক কী হয়। ফ্রান্সই ফেবারিট। ওদের দলটা দারুণ। তবে আইসল্যান্ডের রক্ষণ বেশ ভালো। ফ্রান্সের কাজটা সহজ হবে না।’ এএফপি।