আর্জেন্টিনা ম্যাচের আগে অপহরণ হয়েছিলেন মিকেলের বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভয়ংকর চাপ মাথায় নিয়েও খেলেছেন ওবি মিকেল। ছবি: রয়টার্স
ভয়ংকর চাপ মাথায় নিয়েও খেলেছেন ওবি মিকেল। ছবি: রয়টার্স

কী ভয়ংকর তথ্য! গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে অপহরণের শিকার হয়েছিলেন নাইজেরিয়ান অধিনায়ক ওবি মিকেলের বাবা। বিষয়টি কাউকে না জানিয়েই দিব্যি খেলেছেন সেই ম্যাচ। গতকাল তাঁর বাবা উদ্ধার হওয়াতেই প্রকাশিত হয় খবরটি।

২৬ জুন একটা শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মিকেলের বাবা পা ওবি মিকেল। মাকুর্দি-ইনগু মহাসড়কে অপহরণ করা হয় তাঁকে। গতকাল এক বন্দুকযুদ্ধ শেষে তাঁকে উদ্ধার করা হয়। বর্তমানে হাসপাতালে আছেন পা ওবি মিকেল।

সেদিন স্টেডিয়ামের পথে রওনা হওয়ার পর পরিবারের এক সদস্যের কাছ থেকে খবরটি পেয়েছিলেন মিকেল। মুক্তিপণ হিসেবে চাওয়া হয়েছিল ২৮ হাজার ইউএস ডলার। কাউকে বিষয়টি জানালে বাবাকে হত্যার হুমকিও দিয়েছিল অপহরণকারীরা। বাবার জন্য হয়তো মনটা কেঁদেছিল মিকেলের। কিন্তু তাঁর কাছে জাতীয় দায়িত্ব পালন শেষ করাটাকেই এগিয়ে রেখেছিলেন। আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিলেনও দুর্দান্ত।

সেদিনের সেই ঘটনা সম্পর্কে মিকেল বলেন, ‘আমি দ্বিধায় ছিলাম। ১৮ কোটি নাইজেরিয়ানের দায়িত্বটা আমি ফেলে দিতে পারিনি। আর কোচের সঙ্গেও এটা নিয়ে আলোচনা করতে চাইনি। কারণ, গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগে কারও মনোযোগে ব্যাঘাত করতে চাইনি। এ ছাড়া আমাকে বলা হয়েছিল, কাউকে কিছু জানালে বাবাকে হত্যা করা হবে।’