আর্জেন্টিনাকে জরিমানা
আর্জেন্টিনাকে আবারও জরিমানা করল ফিফা। এবার মাঠে রাজনৈতিক স্লোগান লেখা ব্যানার নিয়ে আসার জন্য ৩০ হাজার সুইস ফ্রাঁ বা প্রায় ৩৩ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হচ্ছে বিশ্বকাপ রানার্সআপদের। বিশ্বকাপ শুরুর আগে ৭ জুন লা প্লাটায় স্লোভেনিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে ওই ব্যানার নিয়ে ছবি তুলেছিলেন কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার। এর আগে বিশ্বকাপে সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের হাজির করতে ব্যর্থ হওয়ার ৩ লাখ সুইস ফ্রাঁ জরিমানা গুনেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।
লা প্লাটার ওই ম্যাচে ‘লা মালভিনাস সন আর্জেন্টিনাস (মালভিনাস আর্জেন্টাইন)’ লেখা ব্যানার নিয়ে এসেছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জ মালভিনাস নামে পরিচিত। ফকল্যান্ডকে কেন্দ্র করে ১৯৮২ সালে যুদ্ধ বেঁধেছিল আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে। ১৮৩৩ সাল থেকেই ব্রিটিশদের দখলে থাকা আটলান্টিক মহাসাগরের দ্বীপরাজ্যটি নিজেদের দখলে নিতে অভিযান চালিয়েছিল আর্জেন্টাইনরা। এএফপি, রয়টার্স।