আর্জেন্টিনাকে জেতাতে বার্সেলোনার হয়ে খেলা থামাও, মেসিকে রুগেরি

বার্সেলোনার জার্সিতে আরেকটি সফল মৌসুম কাটাচ্ছেন লিওনেল মেসি। লিগে নিজে সর্বোচ্চ গোলদাতা, আর মাত্র দুটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনাও। কিন্তু জাতীয় দলের হয়ে এমন সাফল্য ছুঁতে পারবেন কি মেসি? আর্জেন্টিনার ৩২ বছরের হাহাকার মেটাতে পারবেন? এর উত্তর মেলানোর জন্য পরামর্শ দিয়েছেন অস্কার রুগেরি। ’৮৬-র বিশ্বকাপজয়ীর পরামর্শ, বার্সেলোনার হয়ে খেলা বন্ধ করে দাও!
লিগে দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা। অ্যাটলেটিকো যদিও এক ম্যাচ কম খেলেছে, কিন্তু আর মাত্র দুই ম্যাচ জিতলেই অ্যাটলেটিকোকে নিয়ে চিন্তা করতে হবে না বার্সেলোনাকে। নাইনটি মিনিটস ফক্সের সঙ্গে কথোপকথনে মেসিকে তাই সরাসরি বার্সেলোনার হয়ে খেলতে মানা করেছেন রুগেরি। সাবেক এই ডিফেন্ডারের মতে, এ সপ্তাহে কোপা দেল রের ফাইনালের পর এ মৌসুমে আর বার্সেলোনার হয়ে মাঠে নামার দরকার নেই মেসির, ‘আপনাদের কি মনে হয়, মেসি যদি আর না–ও খেলে বার্সেলোনার লিগ শিরোপা হারানোর কোনো সম্ভাবনা আছে? মেসি তো বার্সেলোনার সভাপতিকে ফোন করে বলতেই পারেন, “এটা আমার বিশ্বকাপ; আমি জাতীয় দলের জন্য আমার সময় দিতে চাই।”’
শুধু তা-ই নয়, দলের কোচ হোর্হে সাম্পাওলির সঙ্গেও মেসির যোগাযোগ করা উচিত বলে মনে করেন রুগেরি, ‘ওর (মেসি) উচিত জাতীয় দলের কোচকে ফোন করা এবং বলা বিশ্বকাপকেই সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে সে।’
ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ ফুটবল বিশ্বকাপ জয়ের পর থেকেই বিশ্বমঞ্চে আর হাসতে পারেনি আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপে ফাইনালে উঠেও হতাশ হতে হয়েছে দেশটিকে। এবারই হয়তো মেসিদের শেষ সুযোগ বিশ্বকাপ জেতার। ম্যারাডোনার জাদুকরি এক মুহূর্তের কথা মনে থাকলেও বিশ্বকাপ জিততে এ দল হিসেবে খেলতে হয়েছিল, সেটা মনে করিয়ে দিয়েছেন রুগেরি। মেসিদেরও সেটাই করতে বলছেন রুগেরি। আর এ কারণেই বার্সেলোনার হয়ে খেলা থামানোর প্রস্তাব, ‘মেক্সিকো (১৯৮৬) বিশ্বকাপের আগে আমরা ৬৫ দিন হাতে পেয়েছিলাম। বিশ্বকাপের ৬৫ দিন আগেই আমরা সবাই একত্র হয়েছি। মেসি যদি এখন কোচের সঙ্গে দেখা করে (বিশ্বকাপে মনোযোগ দেয়), তাহলে দলের অন্যরা কী করবে বুঝতে পারছেন?’
এবার অবশ্য ৬৫ দিন হাতে পাবে না আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ১৪ জুন। আর লা লিগা শেষ হচ্ছে ২০ মে। অর্থাৎ মাত্র ২৫ দিন হাতে পাবেন মেসি। তবে রুগেরির পরামর্শ মেনে নিলে এক মাস বেশি সময় পাবেন আর্জেন্টিনার প্রাণভোমরা।