আজ সকালে হয়ে যাওয়া আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ নিরপেক্ষ ফুটবলপ্রেমীদের মন ভরাতে পারেনি। কীভাবে পারবে? যে ম্যাচে গোলই হয় না, সে ম্যাচ কি কারও মন ভরাতে পারে? নিজেদের মাঠে নেইমারহীন ব্রাজিলের বিপক্ষে গোল পায়নি আর্জেন্টিনা। মেসি, মার্তিনেজ, দি মারিয়ারা ছিলেন বেশ নিষ্প্রভ। তবে আর্জেন্টিনার ভাগ্য ভালো বলতে হবে, রক্ষণভাগের নৈপুণ্যে গোল খেতে হয়নি।
দ্বিতীয়ার্ধে দলের মূল ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো চোটের কারণে বেরিয়ে গেলেও শেষ পর্যন্ত ভিনিসিয়ুস, জেসুস, পাকেতাদের গোল করতে দেননি ওতামেন্দি, পেৎসেয়ারা। নিজেদের খেলাও যে আর্জেন্টিনা ঠিকঠাক খেলতে পেরেছে, তা বলা যাবে না। পারলে কি আর মেসি-দি মারিয়ারা গোল না করে থাকেন? কিন্তু আর্জেন্টিনা এমন খেলল কেন?
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কাছে অবশ্য সে প্রশ্নের জবাব আছে। ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে সে জবাবটিই দিয়েছেন স্কালোনি। শুধু জবাব দিয়েছেন বললে ভুল হবে, প্রকারান্তরে ব্রাজিলের প্রশংসাই করেছেন এই কোচ। তাঁর কাছে মনে হয়েছে, ব্রাজিল আর্জেন্টিনাকে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে দেয়নি, ‘ম্যাচটি অনেক কঠিন ছিল। তাঁরা এখানে নিজেদের খেলাটিই ঠিকঠাক খেলতে এসেছিল। আর চেয়েছিল, আমরা যেন আমাদের খেলা ভালোভাবে না খেলতে পারি। তারা সে উদ্দেশ্যে সফল। আমাদের দল যদিও পরিস্থিতি বুঝে আস্তে আস্তে ভালো খেলেছে। দ্বিতীয়ার্ধে আমরা একটু ভালো খেলেছি।’
তবে ম্যাচটি ড্র করে আর্জেন্টিনার একটি দুর্দান্ত অর্জন হয়ে গেছে। লিওনেল স্কালোনির অধীন এ নিয়ে টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকল এবারের কোপা আমেরিকাজয়ীরা। গোলশূন্য ড্রয়ের পর এই রেকর্ডের মধ্যেই ইতিবাচকতা খুঁজে নিচ্ছেন স্কালোনি, ‘এটা (টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকা) দুর্দান্ত এক অর্জন। এটা এমন এক অর্জন, যার জন্য মানুষ স্বপ্ন দেখে। আমরা অনেক গর্বিত। এই খেলোয়াড়দের দলে পেয়ে আমি কৃতজ্ঞ। কঠিন সময় আসবেই, কিন্তু আপনাকে সব সময় প্রস্তুত থাকতে হবে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো কঠিন হয়, কিন্তু আমাদের দলে শক্তির একটা সমতা চলে এসেছে, যা ইতিবাচক। এই দুই ম্যাচে আমরা কঠিন দুই প্রতিপক্ষের বিপক্ষে চার পয়েন্ট পেয়েছি, যা আমাদের অভিজ্ঞ করবে।’